Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সোনামুখীতে ড্রেন তৈরি নিয়ে দুই পাড়ার সংঘর্ষ, উত্তেজনা  

সোনামুখীতে ড্রেন তৈরি নিয়ে দুই পাড়ার সংঘর্ষ, উত্তেজনা
 
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: পঞ্চায়েতের ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় সোনামুখীর চকাই গ্রামে দু’পাড়ায় ব্যাপক সংঘর্ষ হয়। ড্রেনটি কোন পাড়ার দিকে তৈরি হবে, তা নিয়ে এদিন সকালে দু’পক্ষের মধ্যে বচসা হয়। প্রশাসনের তরফে ড্রেন তৈরির কাজ সাময়িক বন্ধ করা হয়। তারপর দুপুরে একটি পাড়ার দিকে খোঁড়াখুঁড়ি শুরু হলে অন্য পাড়ার বাসিন্দারা ক্ষুব্ধ হন। সন্ধ্যায় দু’পক্ষ ফের বচসা ও পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আগ্নেয়াস্ত্র বের করা হয়। দুই পাড়ার বাসিন্দারা একে অপরকে লক্ষ্য করে ব্যাপক ইট ছোড়ে। লাঠিসোঁটা নিয়ে একে অপরকে আক্রমণ করে। ঘটনায় বেশ কয়েকজন জখম হন। তাঁদের মধ্যে দু’জনকে সোনামুখী ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে দ্রুত পুলিস গ্রামে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
Advertisement
বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন, চকাই গ্রামে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। কয়েকজন জখম হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রামে পুলিস মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সন্ধ্যা পর্যন্ত কোনও অভিযোগ হয়নি। 
সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় বলেন, চকাই গ্রামে স্থানীয় পিয়ারবেড়াগ্রাম পঞ্চায়েতের তরফে একটি ড্রেন মঞ্জুর হয়। ইতিমধ্যে একই গ্রামে জেলা পরিষদের তরফেও একটি ড্রেন মঞ্জুর হয়। জেলা পরিষদের ড্রেন নিয়ে কোনও সমস্যা তৈরি না হলেও পঞ্চায়েতের ড্রেনটি কোন দিকে যাবে, তা নিয়ে দুই পাড়ার মধ্যে বেশ কয়েকদিন ধরে রেষারেষি চলছিল। দু’পক্ষই নিজেদের পাড়ার দিকে ড্রেন তৈরি করা হোক বলে পঞ্চায়েতে দাবি জানাচ্ছিলেন। ওই পরিস্থিতিতে প্রশাসনের তরফে কাজ আপাতত স্থগিত রাখার জন্য বলা হয়েছিল। কিন্তু, শনিবার দুপুরে একটি পাড়ায় খোঁড়াখুঁড়ি শুরু হলে অন্যপাড়ার লোকজনের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এদিন সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে মারপিট হয়। তাতে কয়েকজন জখম হয়েছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ