নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সোমবার রাতে সোনামুখীর বিন্দুবাসিনী জুবিলি (বিজে) হাইস্কুলের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ওই রাতে স্কুলের পাঁচিল টপকে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে। পরে তারা ছাত্রদের বাথরুমের গেটের তালা ভেঙে মূল ক্যাম্পাসে প্রবেশ করে। প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকের ও স্কুলের কমনরুমের তালাও ভাঙা হয়। বিদ্যালয়ের মোট সাতটি আলমারির ‘লক’ ভেঙে দুষ্কৃতীরা টাকাপয়সার খোঁজ করে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের কেয়ারটেকার বিষয়টি প্রধান শিক্ষককে জানান। তড়িঘড়ি শিক্ষকরা স্কুলে ছুটে যান। খবর দেওয়া হয় সোনামুখী থানাতেও। খবর পেয়ে পুলিস বিদ্যালয়ে তদন্তে যায়।
Advertisement
স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন চোংরে বলেন, আমার রুমের একটি আলমারিতে ছাত্রদের ফি বাবদ আদায় হওয়া ১৩৪০ টাকা ছিল। সেই টাকা চুরি গিয়েছে। এছাড়াও অফিসে থাকা সিসিটিভির ‘হার্ডডিস্ক’ দুষ্কৃতীরা খুলে নিয়ে গিয়েছে। স্কুল ক্যাম্পাসে মোট ১৬টি সিসি ক্যামেরা রয়েছে। সেসবের ফুটেজ ওই হার্ডডিস্কে বন্দি ছিল। তবে আলমারি ভাঙলেও গুরুত্বপূর্ণ কোনও নথি খোয়া যায়নি।



