সংবাদদাতা, বিষ্ণুপুর: সোনামুখীতে গুলি কাণ্ডে বুধবার পুলিস আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম মুকুল খান। তার বাড়ি চকাই গ্রামে। ওই গ্রামেই কয়েকদিন আগে ড্রেন তৈরিকে কেন্দ্র করে অশান্তির জেরে তৃণমূল কংগ্রেসের এক বুথ সভাপতি গুলিবিদ্ধ হন। ঘটনায় মূল অভিযুক্ত সেকেন্দার খান ও তার এক সহযোগী বকুল খানকে পুলিস আগেই গ্রেপ্তার করেছে। এদিন অপর এক অভিযুক্ত মুকুল খানকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতকে ১৪দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
Advertisement
প্রসঙ্গত, সোনামুখীর চকাই গ্রামে পঞ্চায়েতের একটি ড্রেন তৈরিকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে রেষারেষি চলছিল। শনিবার চকাই গ্রামের বাসিন্দা সেকেন্দার খান ও বকুল খান সহ তাদের সাঙ্গপাঙ্গরা জোর করে নিজেদের পাড়ায় ড্রেন তৈরির উদ্যোগ নিলে তাতে বাধা দেন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি তথা ওই গ্রামেরই বাসিন্দা নাসিম শেখ। তখনই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সেকেন্দার খান পিস্তল বের করে পরপর দু রাউন্ড গুলি চালায়। একটি গুলিতে নাসিম জখম হন।



