দেরাদুন: সিনেমায় সুযোগ দেওয়ার নামে ৪ কোটি টাকা প্রতারণা করেছেন বলিউডের দুই প্রযোজক। শুক্রবার রাতে এমনই অভিযোগে পুলিসের দ্বারস্থ হলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্কের কন্যা আরুশি নিশঙ্ক। যদিও এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে খারিজ করেছেন দুই অভিযুক্ত প্রযোজক।
Advertisement
প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর মেয়ে পেশায় অভিনেত্রী ও প্রযোজক। শুক্রবার আরুশির দাবি, কয়েকমাস আগে মানসী বরুণ বাগলা ও বরুণ প্রমোদ কুমার বাগলা নামে দুই প্রযোজকের সঙ্গে তাঁর কথা হয়েছিল। ওই প্রযোজকরা বিক্রান্ত মেসি ও সানায়া কাপুরকে নিয়ে ‘আঁখো কি গুস্তাখিয়া’ নামে একটি ছবি তৈরির কথা জানান। সেখানে আরুশিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার কথাও বলেন তাঁরা। তবে এজন্য শুরুতে ৫ কোটি টাকা বিনিয়োগের শর্ত দেওয়া হয় আরুশিকে। ছবিটি মুক্তি পাওয়ার পর বড়সড় সাফল্যের প্রবল সম্ভাবনা রয়েছে বলেও লোভ দেখানো হয় তাঁকে। আর সেই ফাঁদে পা দিয়েই মোট চার কোটি টাকা পাঠান আরুশি। কিন্তু পরের দিকে দুই প্রযোজক জানান, আরুশির বদলে অন্য অভিনেত্রীকে নেওয়া হয়েছে। আর শ্যুটিংয়ের কাজও শেষ। অভিযোগ, এরপর টাকা ফেরত চাইলে তা আর পাননি আরুশি। উল্টে তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।



