ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানায় ‘সুরমূর্ছনা’ দীর্ঘদিন ধরে নানাবিধ সাংস্কৃতিক কাজকর্ম করে চলেছে। সম্প্রতি তাদের দুটি শাখার (কলকাতা ও ইউ এস এ) যৌথ উদ্যোগে পণ্ডিত এ টি কানন ও বিদূষী মালবিকা কানন স্মৃতি সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হল উত্তম মঞ্চে। অনুষ্ঠানের শুরুতে সুমৌলিকা সরকার রাগ মধুবন্তী, বিলম্বিত একতাল, দ্রুত তিনতালের বন্দিশ ও মালবিকা কাননের সৃষ্ট রাগ তিলং-এ একটি ঠুমরি পরিবেশন করেন। শিল্পীকে হারমোনিয়াম এবং তবলায় সহযোগিতা করেন অনির্বাণ চক্রবর্তী ও বিভাস সাংঘাই। সেতারে অসীম চৌধুরী রাগ পটদীপ বাজিয়ে শোনান। তাঁকে তবলায় সহযোগিতা করেন শুভজ্যোতি গুহ। কণ্ঠসঙ্গীতে রাগ পুরিয়া ধ্যানেশ্রী পরিবেশন করেন শান্তনু ভট্টাচার্য। তাল মধ্যলয় ঝুমরা, তিনতাল, দ্রুত একতাল, এবং খাম্বাজ রাগে ঠুমরি পরিবেশন করেন তিনি। তাঁকে হারমোনিয়াম ও তবলায় সঙ্গত করেন রূপশ্রী ভট্টাচার্য ও পরিমল চক্রবর্তী। প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়ের সরোদে পরিবেশিত রাগ ইমন এবং রাগ নন্দ অত্যন্ত প্রশংসনীয়। শিল্পীর সঙ্গে তন্ময় বোসের তবলার জুটি দারুণ উপভোগ্য হয়। সবশেষে একক তবলাবাদনে কুমার বোসের অনন্য সঙ্গীতবোধ ও লয়কারীর অপূর্ব সংমিশ্রণে অনুষ্ঠানটি জমে ওঠে। তাঁকে সহযোগিতা করেন হিরণ্ময় মিত্র ও রোহেন বোস। সংস্থার পক্ষ থেকে মালবিকা কানন পুরস্কার-এ সম্মানিত করা হয় শিল্পীকে। উপস্থিত ছিলেন তেজেন্দ্রনারায়ণ মজুমদার, দেবাশীষ ভট্টাচার্য, সমর সাহা প্রমুখ।



