Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সান্দাকফু, রোহিণী গেটে স্থায়ী হেলথ ক্যাম্প করবে জিটিএ

সান্দাকফু, রোহিণী গেটে স্থায়ী হেলথ ক্যাম্প করবে জিটিএ
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: পাহাড়ে ঘুরতে এসে পরপর পর্যটকের মৃত্যুর ঘটনায় বিশেষ পদক্ষেপ করতে চলেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ। গত তিন মাসে ছ’জন পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সিটংয়ে পূর্ব বর্ধমানের রাজনারায়ণ দে (৫৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়। দার্জিলিং জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই পর্যটকরা মারা যাচ্ছেন। 
Advertisement
পর্যটকের মৃত্যুর ঘটনা এড়াতে সম্প্রতি জিটিএ’র তরফে স্বাস্থ্যবিধি চালু করা হয়েছিল। তারপরেও পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটতে থাকায় এবার বিশেষ পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল জিটিএ প্রশাসন। সান্দাকফুতে উচ্চতাজনিত কারণে অধিকাংশ পর্যটকের শ্বাসকষ্ট ও হৃদরোগ হচ্ছে। এই সমস্যায় মৃত্যুর ঝুঁকি কমাতে জিটিএ সান্দাকফুতে জীবনদায়ী ওষুধ সহ স্থায়ী স্বাস্থ্য শিবির খোলার পরিকল্পনা নিয়েছে। জিটিএ’র স্বাস্থ্য বিভাগের সভাসদ অরুণ সিংজি বলেন, শীঘ্রই আমরা সান্দাকফু এলাকায় জীবনদায়ী ওষুধ সহ স্থায়ী হেলথ ক্যাম্প করার পরিকল্পনা করেছি। যাতে পর্যটকদের হৃদরোগ বা শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে পারি। এতে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমবে। 
চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগ বা শ্বাসকষ্টের সমস্যা থাকলে পর্যটকদের পাহাড়ের বেশি উচ্চতায় আসার ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আসা উচিত। সেজন্য পাহাড়ে ঘুরতে আসার পরিকল্পনার অঙ্গ হিসেবে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই পর্যটকরা এই সতর্কতা মানছেন না। তাই উচ্চ উচ্চতায় ওঠার পর অনেকেরই সমস্যা হচ্ছে। তাতেই পরপর পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটছে। 
আর এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য জিটিএ প্রাথমিকভাবে ঠিক করেছে, দার্জিলিং পাহাড়ের ওঠার মুখে শিলিগুড়ির কাছে রোহিণী গেটে স্বাস্থ্য শিবির করার। এ ধরনের মৃত্যুর ঘটনা এড়াতে পাহাড়ে ওঠার আগে সকলের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। শিবিরে ইসিজি সহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে। 
এ প্রসঙ্গে অরুণ সিংজি বলেন, স্বাস্থ্য পরীক্ষায় যাঁদের অসুস্থতা বা ঝুঁকি ধরা পড়বে তাঁদেরকে সতর্ক করা হবে। পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য কী কী সাবধনতা অবলম্বন করতে হবে তাও চিকিৎসকরা জানিয়ে দেবেন। এর সুফর পাওয়া যাবে বলে আশা করছি।
সম্পর্কিত সংবাদ