নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: দীর্ঘদিন ধরেই স্কুলের বেহাল দশা। দেওয়ালে পলেস্তারটুকু নেই। সেই দেওয়াল দিয়েই একে বেঁকে চলেছে সাপ। এই ঘটনায় শোরগোল পড়ল খড়গপুর-১ ব্লকের সালুয়ার ভেটিয়া চণ্ডী উচ্চ বিদ্যালয়ে। তবে বুধবার স্কুলের পড়ুয়ারা চিঠি দিয়ে সাফ জানিয়ে দিয়েছে, স্কুলের পরিস্থিতির বদল না হওয়া পর্যন্ত তাঁরা স্কুলে আসবে না।স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন স্কুলের দেওয়ালে একটি সাপ লক্ষ্য করে স্কুল কর্তৃপক্ষ। আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। সেই সাপের দৃশ্য ক্যামেরা বন্দি করে স্কুল কর্তৃপক্ষ। এরপরেই পড়ুয়ারা ক্ষোভে ফেটে পড়ে। তাদের অভিযোগ, স্কুলের ভবন জরাজীর্ণ। মাঝেমধ্যেই স্কুল চত্বরে বিষধর সাপ লক্ষ্য করা যায়। কিন্তু শিক্ষাদপ্তরের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যেকোনও দিন বড় বিপদ ঘটে যেতে পারে।স্কুলের পড়ুয়া উমা দাস, অঞ্জনা ভূঁইয়া বলেন, স্কুলের পরিস্থিতিখুবই খারাপ। যে কোনও দিন দেওয়াল ভেঙে পড়ে যেতে পারে। এছাড়া সাপ দেখা যায় স্কুলে। এই পরিস্থিতির পরিবর্তন না হলে, কোনও পড়ুয়া স্কুলে আসবে না।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছু বছর আগে স্কুলের ছাত্র সংখ্যা ছিল হাজারের বেশি। সেখানে বর্তমানে সেই পড়ুয়ার সংখ্যা পাঁচশোর কম। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ব্যহত হচ্ছে স্কুলের উন্নয়ন। স্কুলের পরিত্যক্ত ভবনেই চলে ক্লাস। মাঝে মধ্যেই খসে পড়ছে দেওয়ালের পলেস্তার। ভগ্নপ্রায় দশায় রয়েছে স্কুলের গোটা বিল্ডিং। এই স্কুলের জন্য রাজ্যের তরফে প্রায় ২০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। সেই টাকার কোনও হদিশ মেলেনি। রাজ্য সরকারের দেওয়া টাকা স্কুল পর্যন্ত এসে পৌঁছয়নি। ইতিমধ্যেই জেলার শিক্ষাদপ্তরে এনিয়ে অভিযোগ জমা পড়েছে। এছাড়া স্কুলে শিক্ষকের সংখ্যাও বেশি। শিক্ষকদের মধ্যে অশান্তি ঘটনা মাঝে মধ্যেই ঘটে। এই পরিস্থিতির মধ্যেই সাপের উৎপাতে ঘুম উড়েছে পড়ুয়াদের।



