Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সোনু নিগমের কনসার্টের জন্য স্কুলের প্রাচীর ভেঙে প্রবেশদ্বার

সোনু নিগমের কনসার্টের জন্য স্কুলের প্রাচীর ভেঙে প্রবেশদ্বার
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: সোনু নিগমের কনসার্টের জন্য স্কুলের প্রাচীরই ভেঙে দিল আয়োজকরা। সেই প্রাচীর ভেঙে তৈরি হয়েছে কনসার্টের প্রবেশদ্বার। শুধু তাই নয়, সরকারি সাইনবোর্ডও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে বিতর্ক তুঙ্গে নকশালবাড়িতে। শুক্রবার রাতারাতি নন্দপ্রসাদ বালিকা বিদ্যালয়ের প্রাচীর ভেঙে আয়োজকরা এই প্রবেশদ্বার তৈরি করেছে। প্রাইভেট ইভেন্টের জন্য সরকারি সম্পত্তিতে আঘাত কোনওভাবেই ভালো নজরে দেখছেন না নকশালবা঩ড়ির বাসিন্দা। বিখ্যাত গায়কের এই অনুষ্ঠান নিয়ে যখন নকশালবাড়িতে সাজো সাজো রব। তখন আয়োজকদের এই কীর্তি সেটাকে কালিমালিপ্ত করল বলেই মনে করছেন স্থানীয়রা। যদিও প্রশাসনের অনুমতি নিয়েই তারা স্কুলের প্রাচীর ভেঙেছেন বলে কনসার্ট আয়োজকদের দাবি। তবে প্রশাসন এই দাবি নাকচ করে দিয়েছে।
Advertisement
নকশালবাড়ি সুব্রতী সঙ্ঘের পরিচালনায় রবিবার ওই স্কুলের মাঠে সোনু নিগমের লাইভ কনসার্ট। এক হাজার টাকা থেকে ২০ হাজার টাকার টিকিটও দেদার বিক্রি হয়েছে। লক্ষাধিক টাকায় তৈরি হয়েছে স্টেজ। বড় বড় সাউন্ড বক্স বসেছে স্টেজের দু’পাশে। থাকছে ডিসপ্লে মনিটরও। স্কুল মাঠে  প্রায় হাজার চারেক দর্শক জমায়েত হতে পারবে। তবে সোনুর মতো জগতবিখ্যাত গায়কের জন্য আরও বড় মাঠের দরকার ছিল বলে নকশালবাড়িতে চায়ের আড্ডায় চর্চা উঠেছে। 
ওই মাঠের সীমানার বড় গেট রয়েছে দু’টি। এতে প্রবেশ ও বাইরে যেতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা আয়োজকদের। কারণ প্রচুর ভিড় হবে। সেজন্য কংক্রিটের সীমানা প্রাচীর গুঁড়িয়ে অস্থায়ীভাবে প্রবেশদ্বার তৈরি করেছে আয়োজকরা। অনুষ্ঠান শেষে ফের সীমানা প্রাচীর তৈরির আশ্বাস দিয়েছেন আয়োজকরা। বছর চারেক আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে প্রায় ২৯ লক্ষ টাকায় স্কুলের সীমানা প্রাচীর তৈরি হয়েছিল। কিন্তু স্কুলের মাঠে সরকারি নির্মাণ ভেঙে প্রাইভেট ইভেন্ট নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ক্লাবের সম্পাদক তথা অনুষ্ঠানের যুগ্ম সম্পাদক বিরাজ সরকার বলেন, আমরা অনুমতি নিয়ে কাজটি করেছি। অনুষ্ঠান শেষে আমরা ফের সীমানা প্রাচীর তৈরি করে দেব। একদিনে তা করে দেব। যদিও বিষয়টি নিয়ে কেউ অনুমতি নেয়নি বলে জানিয়েছেন নকশালবাড়ি বিডিও প্রণব চট্টরাজ। তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব। - নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ