সংবাদদাতা, বর্ধমান: ২৪ লক্ষাধিক টাকার সোনা চুরিতে জড়িত থাকার অভিযোগে মেমারি থানা এলাকার এক যুবককে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিস। ধৃতের নাম বুধো জালাল শেখ। মেমারি থানার সিদড়িয়া গ্রামে তার বাড়ি। রবিবার বিকেলে মেমারি থানা ও মহারাষ্ট্রের মালাড থানার পুলিস বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। বাড়ি থেকে সোনা বিক্রির ১ লক্ষ ৭৭ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। তার মোবাইলটি পুলিস বাজেয়াপ্ত করেছে। ধৃতকে সোমবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে তাকে মহারাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা বলে পাঁচদিনের ট্রানজিট রিমান্ডের আবেদন জানান কেসের তদন্তকারী অফিসার তুষার শুকদেবে। সেই আবেদন মঞ্জুর করেছেন সিজেএম।
Advertisement
পুলিস জানিয়েছে, মালাড থানা এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে কাজ করত বুধো। সোনার অলঙ্কার তৈরির জন্য তাকে ৩০০ গ্রাম সোনা দেন মালিক। যার মূল্য ২৪ লক্ষ ৫০ হাজার টাকা। গয়না তৈরি না করে সেই সোনা নিয়ে অভিযুক্ত মেমারি পালিয়ে আসে। এনিয়ে মালাড থানায় অভিযোগ জমা পড়ে।



