সংবাদদাতা, কাটোয়া: উপরে প্ল্যাস্টিকের ক্যারেট। সেখানে থরে থরে লোডেড লাল টমেটো। একঝলক দেখলে মনে হবে সবজি বোঝাই গাড়ি। বুধবার সকালে ম্যাটাডরটি গুসকরায় জাতীয় সড়কে গোবিন্দপুর মোড়ে উলটে যেতেই কয়লা পাচারের অভিনব কৌশলের পর্দাফাঁস। ম্যাটাডরের ওই ক্যারেটের ভিতরেই রাখা ছিল প্রায় দেড় টন কয়লা!পুলিশ জানিয়েছে, ম্যাটাডরটি ফেলে পালিয়েছে চালক ও খালাসি। এদিন রাত পর্যন্ত কয়লা বহনের কোনো বৈধ কাগজ নিয়ে পুলিশের কাছে কেউই আসেনি।
জানা গিয়েছে, এদিন বর্ধমান-বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়ক ধরে কয়লা বোঝাই ওই ম্যাটাডরটি আসছিল। বোলপুরের দিক থেকে বর্ধমানের দিকে আসছিল। গুসকরার গোবিন্দপুরের কাছে আচমকা গাড়িটির পিছনের একটি চাকা খুলে যায়। তখনই কয়লা ও টমাটো ভর্তি ম্যাটাডরটি উলটে যায়। ফাঁস হয়ে পড়ে কয়লা পাচারের নয়া কৌশল। অভিযোগ, পুলিশের নজর এড়াতে গাড়ির ডালার চারপাশে সবজির ক্যারেট লাগিয়ে সেটিকে সবজিবাহী গাড়ির ছদ্মবেশ নিয়েও শেষরক্ষা হল না। গুসকরা বিট হাউসের পুলিশ গাড়িটিকে আটক করেছে। কোথা থেকে কয়লা আসছিল? এই চক্রে কারা জড়িয়ে? জবাব পেতে তদন্ত শুরু করেছে পুলিশ। আউশগ্রাম, গুসকরায় কয়লা পাচার নতুন নয়। একাধিকবার নানা কৌশল ধরা পড়েছে এখানে। এর আগে পুলিশি নজরদারি এড়াতে ইঁট ঢাকা দিয়ে ট্রাক্টরে কয়লা পাচার চলছিল। পুলিশি তদন্তে তখন উঠে এসেছিল বীরভূমের খয়রাশোল থেকে বেআইনিভাবে আনা হয়েছিল। বিভিন্ন ইঁট ভাটায় তা সাপ্লাই দেওয়ার কথা ছিল।
শুধু তাই নয়, এর আগে আউশগ্রামে বহু কয়লাপাচারকারীকে গ্রেপ্তার করে। আগে অভিনব ভুটভুটি ভ্যানকে ট্রাক্টরের মতো ডালা বানিয়ে কয়লা পাচার করত। তারপর পাচারকারীরা পদ্ধতি বদলায়। বিশেষ বাইকে নিয়েও কয়লা পাচার করত। সাধারনত দু’চাকার মোটর বাইকে দু’দিকে দু’টি করে হাইড্রোলিক লাগানো থাকে। তাতে একটি বাইকে দু›জন সওয়ারি চাপতে পারবেন। কিন্তু, এই বিশেষ দু’চাকার মোটর বাইকগুলিতে চারটি করে দু’দিকে মোট আটটি হাইড্রোলিক লাগানো আছে। যাতে করে বাইকের পিছনে টন টন কয়লা অনায়াসে বহন করতে পারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাত্র কয়েক হাজার টাকাতেই স্থানীয় কারবারিরা লেদে গিয়ে বাইকগুলিকে কয়লা পাচারের জন্য এমনভাবে তৈরি করিয়ে নিত। এক একটি মোটর বাইকের পিছনে বড় বড় বস্তায় কয়লা চাপিয়ে নিয়ে জঙ্গলের রাস্তা ধরে বেআইনি ভাবেই পাচার চলত। সেগুলি নির্দিষ্ট জায়গাতে ফেলতে পারলেই মিলত মোটা টাকা। লাগাতার পুলিশের অভিযানের ফলে পাচারকারীরা এখন রুট ও কায়দা বদলে ফেলেছে। কখনও পশ্চিম বর্ধমানের বসুধা থেকে কয়লা জঙ্গলের পথে আমদানি করত৷ আবার কখন বীরভূমের খয়রশোল থেকেও আমদানি করা হত। তবে এদিনের ম্যাটাডরটি ঠিক কোন খনি এলাকা থেকে কয়লা আমদানি করছিল, তা এখনও জানা যায় নি।



