Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুলিসের চোখে ধুলো দিতে দামি গাড়িতে চোলাই পাচার, সিঙ্গুর থেকে এসে হাতেনাতে গ্রেপ্তার কারবারি

পুলিসের চোখে ধুলো দিতে দামি গাড়িতে চোলাই পাচার, সিঙ্গুর থেকে এসে হাতেনাতে গ্রেপ্তার কারবারি
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: পুলিসের নজর এড়াতে দামি চারচাকা গাড়িতে ব্লাডার ভর্তি করে আনা হচ্ছিল চোলাই। কিন্তু শেষরক্ষা হল না। গুসকরায় পুলিসের জালে ধরা পড়ে গেল গাড়িটি। চালককে গ্রেপ্তার করা হয়েছে। হুগলির সিঙ্গুর থেকে আনা চোলাই বর্ধমান, গুসকরা হয়ে বীরভূমের দিকে চালান যাচ্ছিল। গাড়িটি থেকে মোট ২৫০ লিটার কাঁচা চোলাই বাজেয়াপ্ত করেছে গুসকরা ফাঁড়ির পুলিস। ধৃত চালকের নাম সন্তোষ সাউ। তার বাড়ি বীরভূম জেলার বোলপুর থানা এলাকায়। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, চোলাই ভর্তি ২৫টি ব্লাডার উদ্ধার হয় গাড়িটি থেকে। চোলাই ভর্তি গাড়িটি সিঙ্গুর থেকে ছাড়ার সময়েই গুসকরা ফাঁড়ির পুলিসের কাছে খবর পৌঁছে যায়। তারা বর্ধমান-বোলপুর ২বি জাতীয় সড়কে আউশগ্রামের কয়রাপুর মোড় এলাকায় নাকা তল্লাশি শুরু করে দেয়। পুলিস দেখেই চালক গাড়ি ঘুরিয়ে পালাবার চেষ্টা করেছিল। কিন্তু লাভ হয়নি। সিঙ্গুরেই চোলাইয়ের বড়সড় কারবারি রয়েছে। সেখান থেকেই পূর্ব বর্ধমান, বীরভূম জেলায় সাপ্লাই দেওয়া হতো। গাড়িটির মালিকের খোঁজ শুরু করেছে গুসকরা ফাঁড়ির পুলিস। উল্লেখ্য, শুধু গত মাসেই আউশগ্রামজুড়ে ৭০০ লিটার চোলাই মদ নষ্ট করেছে আবগারি বিভাগ। ৭ হাজার লিটার চোলাই তৈরির উপকরণ নষ্ট করা হয়েছে। আউশগ্রামের বেশ কয়েকটি গ্রামে রমরমিয়ে চোলাই তৈরি হচ্ছে। এর আগে মঙ্গলকোটে অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল আবগারি দপ্তরের অফিসারদের। তাঁরা জানতে পারেন, আপেল, কমলালেবুর ফ্লেভার মেশানো হচ্ছে চোলাইয়ে। মেশানো হচ্ছে চায়ের পাতাও। চোলাই মদ তৈরির আগে জাব দিতে হয়। তখনই আপেল কুচি, কমলালেবুর খোসার কুচি, চায়ের পাতা ভিজিয়ে জাব দেওয়া হচ্ছে। তারপর তা থেকে মদ তৈরি করা হচ্ছে। তাতে চোলাইয়ের উগ্র গন্ধ আর থাকছে না। বদলে চোলাই থেকে আপেল বা কমলালেবুর গন্ধ পাওয়া যাচ্ছে। আর চায়ের পাতা মেশালে মদের রঙও লালচে হয়। তাতে অনেকটা চায়ের মতো স্বাদ পাওয়া যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ