সংবাদদাতা, লালবাগ: হালকা শীত পড়তেই গা ঝাড়া দিতে শুরু করেছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী লালগোলার মাদক কারবারীরা। গত চারদিনে লালগোলার দুটি পৃথক এলাকায় এসটিএফ ও পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হয়েছে ১ কেজি ৩৩১ গ্রাম হেরোইন। গ্রেপ্তার করা হয়েছে দুই কারবারিকে। অপরদিকে, রঘুনাথগঞ্জ থানার পুলিশের অভিযানে প্রায় পাঁচশো গ্রাম হেরোইন সহ এক কারবারি গ্রেপ্তার হয়েছে। চারদিনে এত বিপুল পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত হওয়ায় সীমান্তের প্রহরী বিএসএফের আধিকারিক এবং জেলা পুলিশ কর্তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, হালকা শীত পড়তেই সীমান্তের মাদক কারবারীদের বাড়বাড়ন্ত শুরু হয়। ঠান্ডার কামড় এবং কুয়াশাকে ঢাল করে কাঁটাতারের ওপারে মাদকদ্রব্য পাচারে সচেষ্ট হয়। মাদক কারবারীদের এই প্রচেষ্টা ব্যর্থ করতে বিএসএফ ও পুলিশ যৌথভাবে নজরদারি ও অভিযান চালাচ্ছে। সেই সঙ্গে সাফল্য মিলছে।
উল্লেখ, গত বুধরার ভোররাতে লালগোলা থানার লালগোলা-রঘুনাথগঞ্জ রাজ্য সড়কে শ্রীমন্তপুরে এসটিএফ অভিযান চালিয়ে রাহুল শেখ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে এক কেজি সাত গ্রাম হেরোইন বাজেয়াপ্ত হয়। ধৃত যুবক হাত বদলের জন্য লালগোলার সীমান্তের দিকে যাচ্ছিল। তার আগেই শ্রীমন্তপুর থেকে এসটিএফ তাকে জালে তোলে। বুধবারের পর শনিবার রাতে লালগোলা থানার পুলিশ হেরোইন সহ এক কারবারীকে গ্রেপ্তার করে। লালগোলা থানার বাহাদুরপুর পঞ্চায়েতের তেঁতুলিয়া পাড়া এলাকা থেকে ওই কারবারিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহফুজ আলম। বাড়ি লালগোলা থানার ময়া চৈতন্যপুর। তার কাছ থেকে ৩২৪ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। সেই সঙ্গে মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি বাইক ও একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়। ওইদিন সে হাত বদলের জন্য বাইকে চেপে সীমান্তের দিকে যাচ্ছিল। সোর্সের খবরের ভিত্তিতে তেঁতুলিয়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তে মাদক কারবারের সঙ্গে যুক্ত রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। এদিকে, ওই রাতেই রঘুনাথগঞ্জ থানার পুলিশ তেঘড়ি অ্যাফ্লাক্স বাঁধ এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আনোয়ার শেখ। বাড়ি রঘুনাথগঞ্জ থানার চর বাজিতপুর। শনিবার রাতে অ্যাফ্লাক্স বাঁধ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় পুলিশ তাকে আটক করে। এরপর তল্লাশি চালাতেই কাছে থাকা একটি ব্যাগ থেকে ৪৯৬ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত হয়। বাজেয়াপ্ত হেরোইন লালগোলা থেকে নিয়ে এসে হাত বদলের জন্য অপেক্ষা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।



