সংবাদদাতা, জঙ্গিপুর: শুক্রবার বিকেলে সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুরে তেল ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারলে বাইক আরোহী এক বালকের মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, মৃতের নাম রিক মণ্ডল(৮)। বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগর থানার পারদেওনাপুরে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনায় জখম হয়েছেন ওই বালকের মা ও বাবা। তাঁদের উদ্ধার করে অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জাতীয় সড়কে দুর্ঘটনার ফলে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পুলিস গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিস জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জখম দম্পতির চিকিৎসা চলছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে একটি তেলের ট্যাঙ্কার মালদহ অভিমুখে যাচ্ছিল। একই অভিমুখে বাইকে দম্পতি ও তাঁদের ছেলে যাচ্ছিল। জয়কৃষ্ণপুর হাইস্কুলের কাছে দুর্ঘটনাটি ঘটে। তেল ট্যাঙ্কারের পিছনে বাইকটি ধাক্কা মারে। বাইকে থাকা তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। শিশুটি ট্যাঙ্কারের চাকার তলায় চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই দম্পতিও গুরুতর জখম হন। তাঁদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে।



