Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সামশেরগঞ্জে অপুষ্টিতে ভোগা শিশুকন্যার অন্নপ্রাশন হাসপাতালেই

সামশেরগঞ্জে অপুষ্টিতে ভোগা শিশুকন্যার অন্নপ্রাশন হাসপাতালেই
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: অপুষ্টিতে ভোগা এক সাতমাসের শিশুকন্যার অন্নপ্রাশনের আয়োজন করলেন চিকিৎসকরাই। সোমবার সকালে সামশেরগঞ্জের অনুপনগর হাসপাতালে মনীষা মণ্ডল নামে ওই শিশুকন্যা প্রথম খাবার খেল। এতদিন ওই শিশুকন্যার চিকিৎসা চলছিল। তাই পরিবারের লোকজন মুখেভাত অনুষ্ঠান আয়োজন করতে পারেনি। সেকথা জানতে পেরে চিকিৎসকরা এদিন হাসপাতালেই ওই শিশুর মুখেভাত আয়োজন করেন। অনুষ্ঠান শেষে সুস্থ মনীষাকে নিয়ে বাড়ি ফিরেছে তার পরিবার।
Advertisement
সামশেরগঞ্জের বিএমওএইচ তারিফ হোসেন বলেন, ওই শিশু অপুষ্টিতে ভুগছিল। তার স্বাস্থ্য ফেরাতে পুষ্টিকর খাবার খাওয়ানো দরকার ছিল। কিন্তু পরিবারের লোকজন জানায়, তার মুখেভাত এখনও হয়নি। তাই হাসাপাতালেই মুখেভাতের আয়োজন করা হয়। শিশুটি এখন সুস্থ হয়ে উঠেছে।
ধুলিয়ান পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের লালপুরের কানাই মণ্ডল ও মায়া মণ্ডলের মেয়ে মনীষা। হার্টে ফুটো নিয়ে সে জন্মগ্রহণ করেছিল। জন্মের পর থেকেই মেয়েটি রুগ্ন ছিল। সম্প্রতি তার অপুষ্টিজনিত সমস্যা দেখা দেয়। শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রায় দু’সপ্তাহ আগে অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির ওজন অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় তাকে পুষ্টিকর খাবার দেওয়া হয়। তখন মায়াদেবী হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, অসুস্থতার কারণে তাঁর মেয়ের অন্নপ্রাশন অনুষ্ঠানই হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ সেকথা জেনে মুখেভাত অনুষ্ঠানের আয়োজন করে। মনীষার অন্নপ্রাশনে ছিল বেগুনভাজা, পটলভাজা, মাছভাজা, তরকারি, মুগ ডাল, চাটনি, দই, মিষ্টি ও পায়েস। মায়াদেবী বলেন, মেয়েটা আমার জন্মের পর থেকেই অসুস্থ। অপুষ্টিতে ভুগছিল। তাই হাসপাতালে ভর্তি করেছিলাম। এখন অনেকটা সুস্থ হয়েছে। হাসপাতালেই ওর মুখেভাত হয়েছে। ডাক্তারবাবুরা বলেছেন, ও বড়ো হলে হার্টের অপারেশন করতে হবে।
সম্পর্কিত সংবাদ