Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সামশেরগঞ্জে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী ও সহায়িকা না আসায় বিক্ষোভ বাসিন্দাদের

সামশেরগঞ্জে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী ও সহায়িকা না আসায় বিক্ষোভ বাসিন্দাদের
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: শনিবার সকালে সামশেরগঞ্জের কামালপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা না আসায় বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। অভিভাবকদের অভিযোগ শিশুদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। ডিম নিয়মিত দেওয়া হয় না। এছাড়া সেন্টারটি দূরে চলে যাওয়ায় সমস্যায় পড়ছে শিশুরা। যদিও অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন কেন্দ্রের কর্মী ও সহায়িকা। বাড়িতে বিপদ ঘটায় সেন্টারে যেতে পারেননি বলে দাবি কর্মীর। আর সহায়িকা ছু’টি নেওয়ায় এই সমস্যা হয়েছে। এ প্রসঙ্গে, সামশেরগঞ্জ ব্লকের সিডিপিও অপূর্ব শিকদার বলেন, কোনও লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
Advertisement
জানা গিয়েছে, এদিন সকালে সামশেরগঞ্জের ৩৬৭ নম্বর কামালপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। কেন্দ্রে শিশুরা এলেও এদিন কর্মী ও সহায়িকা কেউই আসেননি। যদিও অন্য একজন মহিলা শিশুদের জন্য খাবার রান্না করছিলেন বলে জানান এলাকাবাসী। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি কামালপুরের হলেও সেটিকে সরিয়ে দূরে দুর্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। ফলে কামালপুরের শিশুরা ওই কেন্দ্রে যেতে সমস্যায় পড়ছে। অঙ্গনওয়াড়ি কর্মী বাণী সাহা বলেন, আমি প্রতিদিনই সেন্টারে যাই। আমার ছেলে সিঁড়ি থেকে নীচে পড়ে যাওয়ায় এদিন সেন্টারে যেতে পারিনি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সহায়িকা অনুশ্রী সিংহ বলেন, আমি নিয়মিত সেন্টারে যাই। ছুটি নেওয়ায় এদিন সেন্টারে যায়নি। 
এপ্রসঙ্গে নিমতিতা গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিয়ারা বিবি বলেন, বিষয়টি জানার পরই আমি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। কোনও অনিয়ম হয়ে থাকলে কর্তৃপক্ষ তদন্ত করে দেখে পদক্ষেপ নেবে।
সম্পর্কিত সংবাদ