Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সময়ের মধ্যে কাজ শেষ হয়নি, ঠিকাদার সংস্থা বদালাচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ

সময়ের মধ্যে কাজ শেষ হয়নি, ঠিকাদার সংস্থা বদালাচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় ঠিকাদার সংস্থা বদালাচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার জেলাশাসক আয়েশা রানি এ জাতীয় সড়ক কর্তৃপক্ষর সঙ্গে বৈঠক করেন। সময়ের মধ্যে কেন কাজ শেষ করা গেল না তা নিয়ে তিনি আধিকারিকদের কাছে জানতে চান। বর্ধমান শহরের উল্লাস, গলসির মতো কয়েকটি জায়গায় কাজে ত্রুটি রয়েছে বলে বৈঠকে জানানো হয়। জেলাশাসক বলেন, কাজে দেরি হওয়ায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঠিকাদার সংস্থা বদলাবে বলে জানিয়েছে।
Advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শক্তিগড়ের আমড়া এলাকার বাসিন্দারা ওভারব্রিজ তৈরির দাবি জানিয়েছেন। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তেজগঞ্জে ফুট ওভারব্রিজ করা হবে, যাতে লিফট বসবে। গলসিতে আরও একটি ওভারব্রিজ তৈরির জন্য এলাকার বাসিন্দারা জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। এক আধিকারিক বলেন, উল্লাসে কাজ নিয়ে জেলা প্রশাসন ক্ষোভ প্রকাশ করেছেন। এখানে ওভারব্রিজ তৈরির কাজ ধীর গতিতে চলছে বলে অভিযোগ। পুজোর আগে ওভারবব্রিজ তৈরির কাজ শেষ হওয়ার কথা ছিল। সেই কাজ এখনও সম্পন্ন হয়নি। শেষ হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। এই এলাকায় যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে স্থানীয়দের দাবি। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, প্রায় ১৪ কিলোমিটার রাস্তার কাজ নিয়ে সমস্যা রয়েছে। তার খেসারত পথ চলতি লোকজনদের দিতে হচ্ছে। প্রায়ই যানজট হচ্ছে। এছাড়া দুর্ঘটনাও হচ্ছে। রাস্তা সম্প্রসারণের কাজে প্রথম দিকে জমি নিয়ে সমস্যা ছিল। সেটা মিটে গিয়েছে। তারপরও ধীরগতিতে কাজ চলায় ক্ষুব্ধ জেলা প্রশাসন। জাতীয় সড়ক কর্তৃপক্ষর এক আধিকারিক বলেন, বেশকিছু সমস্যা রয়েছে। সেগুলি দ্রুত মেটানো হবে। জেলা প্রশাসনের আর এক আধিকারিক বলেন, ঠিকাদার সংস্থার গাফিলতির জন্যই কাজ পিছিয়ে যাচ্ছে। সেটা জাতীয় সড়ক কর্তৃপক্ষও স্বীকার করেছে। তারা ওই ঠিকাদার সংস্থাকে সরানোর প্রক্রিয়া শুরু করেছে। কাজের মান ঠিক রয়েছে কি না সেটাও দেখা হচ্ছে। জাতীয় সড়কের সব জায়গায় আলোর বন্দোবস্ত করা হবে। এছাড়া সিসি ক্যামেরা থাকছে। ওভারব্রিজের দু’পাশও উঁচু করে ঘিরে দেওয়া হবে। উল্লাসে ওভারব্রিজ সম্পূর্ণ হলে কাজ অনেকটাই এগিয়ে যাবে। এছাড়া শক্তিগড়ের দিকে কিছুটা কাজ বাকি রয়েছে। সেটাও সম্পূর্ণ করা হবে। তবে নতুন করে আমড়ায় ওভারব্রিজ তৈরি করতে হলে কাজ শেষ করতে আরও কয়েক মাস সময় গড়িয়ে যাবে।
সম্পর্কিত সংবাদ