সংবাদদাতা, বহরমপুর: শান্তি, সম্প্রীতি ও সবুজ রক্ষার বার্তা দিয়ে রবিবার বহরমপুর ব্যারাক স্কোয়ার লাগোয়া শহিদ বেদী থেকে লালবাগের ঐতিহাসিক ওয়াসিফ মঞ্জিল অবধি রোড রেস হল। সেইসঙ্গে অপর একটি বিভাগে লালবাগ মহকুমা শাসকের কার্যালয় থেকে ওয়াসিফ মঞ্জিল পর্যন্ত এক কিমির দৌড় প্রতিযোগিতা হয়। পরিবেশ সংগঠন মিশন গ্রিন ইউনিভার্স ফাউন্ডেশন, গাছ গ্রিন হ্যান্ডস ওয়েলফেয়ার ট্রাস্ট ও গর্বের মুর্শিদাবাদ সংস্থার উদ্যোগে এই প্রতিযোগিতা হয়। বহু স্বেচ্ছাসেবী এই প্রতিযোগিতায় শামিল হয়েছিলেন।
Advertisement
পরিবেশকর্মী অর্ধেন্দু বিশ্বাস, অংশুমান ঠাকুর, অভিজিৎ ধররা জানান, তাঁরা পুরো মুর্শিদাবাদ জেলাকে সবুজ করে তোলার অঙ্গীকার নিয়েছেন। সেই ভাবনা থেকেই এই দৌড় প্রতিযোগিতা আয়োজন করেছি। ডিসেম্বর মাস থেকে অনলাইনে ফ্রি রেজিস্ট্রেশন ও প্রচার শুরু করা হয়। এর মাধ্যমে মুর্শিদাবাদ জেলার গৌরবময় ঐতিহ্য, সংস্কৃতি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য ও সবুজ রক্ষার লক্ষ্যে জনমত গড়ে তুলতে আমরা সক্ষম হয়েছি। রবিবার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান লাগোয়া শহিদ বেদী থেকে দৌড় শুরু হয়। ১১ কিমি দূরে হাজারদুয়ারি লাগোয়া ওয়াসিফ মঞ্জিলে এসে রেস শেষ হয়।



