Bartaman Logo
১০ জুন, ২০২৬

সম্পর্কে আতরের সুবাস

সম্পর্কে আতরের সুবাস
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
এক অদ্ভুত চরিত্রের মানুষ মবিনুর। টাকার গদিতে বসে থেকেও জীবনযাপন সাত্ত্বিক। কোথায় যেন একটা অপূর্ণতা। তার অদ্ভুত জীবন নিয়ে ম্যাজিক ইফের নতুন নাটক ‘আতর কোঠি’। হুমায়ুন আহমেদ রচিত ‘সেদিন চৈত্র মাস’  উপন্যাসের উপর ভিত্তি করে এই নাটকের নির্দেশনা দিয়েছেন ওঙ্কার ঘোষ। সম্প্রতি ম্যাজিক ইফের বর্ষপূর্তিতে এই নাটকের প্রথম মঞ্চায়ন হল কলকাতা ইউনিভার্সিটি ইন্সটিটিউট হলে।
Advertisement
ইংরেজিতে স্নাতকোত্তর শফিকুল একটা চাকরির জন্য হন্যে হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। চাকরি যে আসেনি, তা নয়। কিন্তু অদ্ভুত সেসব চাকরি করার কথা শফিকুল ভাবতে পারেনি। অথচ সংসারে অর্থের প্রয়োজন। তার শিক্ষক হওয়ার স্বপ্ন উহ্য রেখে সংসারের তাড়নায় নতুন এক চাকরির ইন্টারভিউ দিতে গেল ঢাকার আতর কোঠিতে। ম্যানেজারের চাকরি পেল শফিকুল। যত দিন যায় তার কাছে উন্মুক্ত হতে থাকে আতরকোঠির মালিক মবিনুরের বিচিত্র সব জীবন আলেখ্য। মবিনুর নিজের মুখে শোনাতে থাকে তার আত্মকথা। 
মবিনুরের চরিত্রে প্রজেশ সেনগুপ্ত অসাধারণ। তাঁর অভিনয়ের মধ্যে মবিনুরকে পূর্ণ মাত্রায় খুঁজে পাওয়া গিয়েছে। শফিকুলের চরিত্রে দেবব্রত দাস বেকার সংসারী মানুষের যন্ত্রণা ফুটিয়ে তুলেছেন। একদিকে পরিবার ও অন্যদিকে বিচিত্র মনিবের ম্যানেজারের দায়িত্ব সামলাতে গিয়ে যে অবস্থা হওয়ার কথা, সেটাই উঠে এসেছে অভিনয়ে। শফিকুলের স্ত্রী মীরার চরিত্রে মৌমিতা পালের অভিনয় ছিল আকর্ষণীয়। আমজাদ ও জয়নালের দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন সন্দীপন মিত্র। দু’টি চরিত্রেই সফল তিনি। আতরের চরিত্রে সীমা বৈদ্যকে বেশ মানিয়েছে। রবিন কুণ্ডুর আলো, সন্দীপ দে-র আবহ, অজিত রায়ের মঞ্চ নির্মাণ ও সমীর ঘোষের রূপ সজ্জায় আতর কোঠি পরিপূর্ণ হয়ে ওঠে। 
তাপস কাঁড়ার
Advertisement
সম্পর্কিত সংবাদ