নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: আপ শিয়ালদহ-গেদে লোকালের কামরার তলায় ধোঁয়া দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবিবার ঘটনাটি ঘটেছে সোদপুর স্টেশনের কাছে। যদিও বড় কোনও বিপদ ঘটেনি। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা লেটে রানাঘাটে পৌঁছয় ট্রেনটি। যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনটি রানাঘাটের কারশেডে পাঠিয়ে দেওয়া হয়। অন্য একটি ট্রেনে গেদেগামী যাত্রীদের রওনা করা হয়।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, আপ শিয়ালদহ-গেদে লোকালটি শিয়ালদহ ছাড়ে ২টো ৫মিনিটে। আগরপাড়া পর্যন্ত সঠিক সময়েই চলছিল ট্রেনটি। কিন্তু, সোদপুর ঢোকার আগে হঠাৎ মাঝের একটি কামরার তলা থেকে ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। সোদপুর স্টেশনেই ট্রেনটি দাঁড় করিয়ে দেন চালক। পরীক্ষা করে দেখা যায়, চাকার সঙ্গে ব্রেক আটকে যাওয়ার ঘর্ষণের ফলে ব্রেকসু থেকে ধোঁয়া বের হচ্ছিল। তা সারিয়ে ট্রেনটি ফের রওনা করা হয় রানাঘাটের উদ্দেশ্যে। ৩টে ৫৫ মিনিটে ট্রেনটি রানাঘাট পৌঁছানোর কথা থাকলেও প্লাটফর্মে ঢোকে বিকেল ৫টা নাগাদ। এরপর ট্রেনটি পরীক্ষার জন্য কারশেডে পাঠিয়ে দেওয়া হয়। অন্য একটি ট্রেনে যাত্রীদের গেদের উদ্দেশ্যে রওনা করা হয়।
এবিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, আগুন লাগেনি। মাঝে একটি কামরায় ব্রেকের সমস্যা হয়েছিল। ব্রেকসু আর চাকার ঘর্ষণে এই সমস্যা হয়। বিষয়টিকে আমরা বলি ‹ব্রেক বাইন্ডিং›। সোদপুরে ট্রেনটি কিছুক্ষণ দাঁড় করিয়ে তা ঠিক করা হয়। রানাঘাট স্টেশনে পৌঁছলে ট্রেনটি কারশেডে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে, গেদে লোকালের এই সমস্যার কারণে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয় আপ লাইনে। পরপর বেশ কয়েকটি ট্রেন নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলে। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।