Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সামান্য কমল কলকাতার তাপমাত্রা, এখনও জাঁকিয়ে শীতের দেখা নেই দক্ষিণবঙ্গে

সামান্য কমল কলকাতার তাপমাত্রা, এখনও জাঁকিয়ে শীতের দেখা নেই দক্ষিণবঙ্গে
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাঘের শীত এখনও অধরাই। তবে সামান্য হলেও গতকালের তুলনায় কমল কলকাতার তাপমাত্রা। কিন্তু তা-ও দেখা নেই জাঁকিয়ে শীতের। পশ্চিম হিমালয়ে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে ভাটা পড়েছে ঠান্ডার। তাই এবার উষ্ণই কেটেছে পৌষ সংক্রান্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঝঞ্ঝা ছাড়াও দিন লম্বা হতে শুরু করেছে। এই কারণে তাপমাত্রা বাড়ছে। তবে কোনও শক্তিশালী ঝঞ্ঝা আসার পর, কয়েকদিনের মধ্যে নতুন করে ঝঞ্ঝা না এলে ফের কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়া ঢুকবে। তখন তাপমাত্রা নিম্নগামী হবে। এছড়া জানুয়ারির তৃতীয়-চতুর্থ সপ্তাহে কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার নজির সাম্প্রতিক অতীতে আছে। উল্লেখ্য, গত মঙ্গলবার পশ্চিম হিমালয়ে ফের একটি ঝঞ্ঝা এসেছে। তার প্রভাবে আগামী কয়েকদিন উত্তর ভারতজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গ সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।   
Advertisement
আজ, বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। গতকাল, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। আজ, বৃহস্পতিবার সকালে হাল্কা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।
 
সম্পর্কিত সংবাদ