Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সামান্য বৃষ্টিতেই বেহাল দু’ বছর ধরে সংস্কারহীন বোলপুরের রাস্তা

সামান্য বৃষ্টিতেই বেহাল দু’ বছর ধরে সংস্কারহীন বোলপুরের রাস্তা
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শান্তিনিকেতন: সোমবার সামান্য বৃষ্টির জেরে চরম ভোগান্তি হল বোলপুরের সিনেমাতলা থেকে উত্তর নারায়ণপুর রাস্তায় যাতায়াতকারীদের। দীর্ঘ দু’ বছরের বেশি রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দ্রুত সেটির সংস্কার করা হবে। কিন্তু সেই সময় কবে আসবে তার উত্তর নেই কারও কাছেই। এদিন সকাল থেকে বৃষ্টির ফলে রাস্তার খানাখন্দে জল জমে যায়। কাদায় ভরে যায় রাস্তাটি। জলকাদায় ভরা রাস্তায় চলতে গিয়ে নাকাল হন বাসিন্দারা। 
Advertisement
বোলপুর সিনেমাতলা থেকে পুরসভার ১০নং ওয়ার্ড মকরমপুর হয়ে উত্তর নারায়ণপুর ও বনডাঙা পর্যন্ত রাস্তাটি দু’ বছরেরও বেশি বেহাল। একাধিকবার দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে এই রাস্তায়। কিন্তু তারপরেও রাস্তার সংস্কার করেনি প্রশাসন। রাস্তায় একাধিক বড় বড় গর্ত হয়েছে। ওই রাস্তায় প্রাণ হাতে নিয়ে চলতে হয় বাসিন্দাদের। দিনরাত এই রাস্তায় বালি ও পাথর বোঝাই ডাম্পার চলে অত্যন্ত বেপরোয়া গতিতে। মকরমপুরের উপর দিয়ে চলে গিয়েছে রাজগ্রাম রোড। যা একদিকে লাভপুর হয়ে মুর্শিদাবাদ চলে যাচ্ছে। অন্যদিকে সাঁইথিয়া রামপুরহাট যায় আরও একটি রাস্তা। সরকারি স্কুলের পাশাপাশি তিনটি বেসরকারি বিদ্যালয় রয়েছে এই রাস্তার উপরেই। অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এই রাস্তা কঙ্কালসার দশা হয়ে রয়েছে দীর্ঘদিন ধরেই। রাস্তা সারাইয়ের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ ও অবরোধও করেছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছিল, এই রাস্তার টেন্ডার হয়ে গিয়েছে, দ্রুত সংস্কার শুরু হবে। বর্ষার কারণে কাজ শুরু করা যাচ্ছে না বলেও জানানো হয়েছিল। কিন্তু বর্ষা মিটে গেলেও কোনও এক অজ্ঞাত কারণে সংস্কারের নামগন্ধ পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র দুর্ঘটনার আশঙ্কাই নয়, বড় বড় গাড়ি চলায় সারাক্ষণ ধুলোয় ঢেকে থাকে এই রাস্তা ও তার আশেপাশের বাড়িঘরগুলি। তার ফলে শিশু ও বয়স্কদের অসুস্থতাও দেখা দিচ্ছে। অন্যদিকে হাঁপানি ও সর্দির রোগীদের এই পথে যাতায়াত করতে গিয়ে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। এই বিষয়ে জানতে পূর্তদপ্তরের আধিকারিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ বলেন, আইনি জটিলতা দেখা দিয়েছিল, তবে তা মিটে গিয়েছে। দ্রুত রাস্তা সংস্কার হবে।  
সম্পর্কিত সংবাদ