Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সীমান্তের ওপারের বিকট শব্দে আতঙ্ক এপারে

সীমান্তের ওপারের বিকট শব্দে আতঙ্ক এপারে
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বালুরঘাট: সাত সকালে কাঁটাতারের ওপার থেকে আসা দফায় দফায় বিকট শব্দে আতঙ্কিত হিলির আপ্তৈর এলাকার বাসিন্দারা। খবর পেয়ে এলাকায় আসে পুলিস। স্থানীয়দের দাবি, সকালে আটটা নাগাদ হঠাৎ কাঁটাতারের ওপারে বিকট শব্দ হয়। যা অনেকটা বোমা ফাটার মতো। প্রথমে পর পর দু’বার হওয়ার পরে ফের বিকট শব্দে এপারের মানুষ ভয় পেয়ে যান। সকাল দশটা পর্যন্ত বিকট শব্দে দফায় দফায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 
Advertisement
সীমান্তে থাকলেও বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ বিএসএফ। এর আগে কুমারগঞ্জে কাঁটাতারের ওপারে জঙ্গলে অগ্নিকাণ্ডে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। এবার হিলি সীমান্তে ওপার থেকে এমন বিকট শব্দ এলাকায় আতঙ্কের পাশাপাশি শোরগোল ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, আওয়াজ গুলিবর্ষণের মতো। কেউ আবার বলছেন, শেল ফাটানোর শব্দ। পশ্চিম আপ্তৈর গ্রাম পঞ্চায়েতের সদস্য পপি পাল বলেন, বোমা ফাটানো হলে যেমন শব্দ হয়, ঠিক তেমনি শব্দ হয়। বিএসএফের সঙ্গেও আমরা যোগাযোগ করেছিলাম। কিন্তু কিছু জানতে পারিনি। হিলি থানার আইসি  শীর্ষেন্দু দাস বলেন, এটা ওপারের বিষয়। শব্দের কারণ আমরাও জানতে পারিনি।
সম্পর্কিত সংবাদ