সংবাদদাতা, গঙ্গারামপুর: সোমবার গঙ্গারামপুরের গোটাহার এলাকায় প্রায় ২ কোটি বরাদ্দে রাস্তার কাজের শিলান্যাস হল। গঙ্গারামপুর বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী গ্রাম গোটাহার এলাকায় প্লেভার ব্লকের ২ কিমি নতুন রাস্তার কাজ হল। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় নতুন রাস্তা পাচ্ছে সীমান্তবর্তী গ্রাম। রাস্তার কাজের শিলান্যাস করেন কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল সহ জেলার জনপ্রতিনিধিরা।
Advertisement
গোটাহার মোড় থেকে ভাদ্রা বিওপি কাঁটাতার পর্যন্ত একটিমাত্র গ্রামীণ রাস্তা। গ্রামবাসীদের বিএসএফ ক্যাম্পের উপর দিয়ে যাতায়াত করতে হতো। অধিকাংশ সময় নিরাপত্তার কারণে বিএসএফ ক্যাম্পের গেট বন্ধ থাকত। গ্রামীণ রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে বিএসএফের সাহায্য নিতে হতো। দীর্ঘদিন ধরেই বিকল্প রাস্তার দাবি ছিল বাসিন্দাদের। বিকল্প রাস্তা থাকলেও তা ছিল কাঁচা। এবার সেই রাস্তায় প্লেভার ব্লক বসবে। বিকল্প রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।



