সংবাদদাতা, করিমপুর: হোগলবেড়িয়া থানার মধুগাড়ি সীমান্তে ভারতীয় চরের জমি থেকে কেটে নিয়ে যাওয়া ফসল উদ্ধার করল বিএসএফ। জানা গিয়েছে, প্রতি বছরের মতো এবারও চর জমিতে সর্ষে চাষ করেছিলেন কাছারিপাড়া গ্রামের চাষি ভজহরি মণ্ডল। বুধবার বিকেলে ওই জমি থেকে সর্ষেগাছ কেটে নদী পার করে এক জায়গায় জড়ো করে রাখে বাংলাদেশী দুষ্কৃতীরা। খবর পেয়ে ভজহরি মণ্ডল বিষয়টি সীমান্তে কর্তব্যরত বিএসএফকে জানায়। সর্ষে গাছগুলো যাতে বাংলাদেশিরা তাদের এলাকায় নিয়ে যেতে না পারে তার জন্য নিউ উদয় বিওপির বিএসএফ কড়া নজরদারি রাখে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশী দুষ্কৃতীরা কেটে রাখা সর্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ১৪৬ নম্বর ব্যাটেলিয়নের কোম্পানি কমান্ডার রাকেশ কুমারের নেতৃত্বে এক দল বিএসএফ জওয়ান তা উদ্ধার করে মালিককে ফেরৎ দেন।



