সংবাদদাতা, কালিয়াচক: বাড়ির সীমানা প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে গণ্ডগোল। আর তার জেরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকার পুরাতন সব্দলপুরগ্রামে। রবিবার বিকেলে বাড়ির সীমানা প্রাচীর দিচ্ছিলেন তপন মণ্ডল। তখনই তাঁর সঙ্গে বচসা শুরু হয় প্রতিবেশী পলাশ সরকারের। দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হতেই পলাশ ও তার পরিবারের সদস্যরা তপনকে মারধর করে বলে অভিযোগ। বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তপন। সোমবার সকালে অভিযুক্ত পলাশকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতকে সোমবার মালদহ জেলা আদালতে পেশ করলে বিচারক সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দেন।



