সংবাদদাতা, চাঁচল: বিয়ের দেড় মাস পার হলেও রূপশ্রী প্রকল্পের টাকা পাননি চাঁচলের নববধূ। সরকারি সমীক্ষকদের দাবি মতো কাটমানি না দেওয়ায় আবেদন বাতিল করা হয়েছে বলে অভিযোগ। প্রকল্পের টাকার দাবি ও সরকারি কর্মীদের বিরুদ্ধে কাটমানির অভিযোগ নিয়ে মহকুমাপ্রশাসনের দ্বারস্থ হয়েছেন মেয়ে ও মা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচলে। রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে কাটমানি চাওয়ার অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।
Advertisement
চাঁচল ১ ব্লকের খরবা পঞ্চায়েতের গোপালপুর গ্রামের পেশায় দিনমজুর হাবিলুদ্দিনের একমাত্র মেয়ে শাহানাজ খাতুনের বিয়ে হয় গত ১০ নভেম্বর। বিয়ের আগে রূপশ্রী প্রকল্পে আবেদন করেন শাহানাজ। অভিযোগ, নিয়ম মেনে বিয়ের আগে আবেদন জমা করা হয় ব্লক অফিসে। বিয়ের সাতদিন আগে গোপালপুরে বাড়িতে গিয়ে সমীক্ষা করতে যান স্থানীয় পঞ্চায়েতের একাধিক কর্মী। শাহানাজের মা সালমা খাতুনের বক্তব্য, প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে সেসময় সরকারি কর্মীরা পাঁচ হাজার টাকা দাবি করেন। আমি টাকা দিইনি। সেজন্য মেয়ে রূপশ্রীর টাকা পায়নি। খরবা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মলয় বসাকের দাবি, রূপশ্রী প্রকল্পের সমীক্ষায় যান সরকারি কর্মীরাই। সেদিন কারা গিয়েছিলেন, তা খোঁজ নেওয়া হচ্ছে। চাঁচলের মহকুমাশাসক শৌভিক মুখোপাধ্যায় বলেন, কাটমানি চাওয়ার অভিযোগ প্রমাণিত হলে প্রশাসন তদন্ত করে পদক্ষেপ করবে।



