চেন্নাই: টানা পাঁচ ম্যাচ হেরে চলতি আইপিএলে রীতিমতো ধুঁকছে চেন্নাই সুপার কিংস। পয়েন্ট টেবিলে নবম স্থানে রয়েছে হলুদ-ব্রিগেড। গত ম্যাচে নেতা ধোনিও পাঁচবারের চ্যাম্পিয়নদের হাল ফেরাতে ব্যর্থ। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৮ উইকেটে লজ্জার হারে বিধ্বস্ত তারা। তবে এমন পরিস্থিতিতেও প্লে-অফের আশা ছাড়ছেন না চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। তিনি বলছিলেন, ‘দল ভালো খেলছে না, এটাই বাস্তব সত্য। ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং— প্রতিটি বিভাগেই খামতি রয়েছে। তাছাড়া টানা পাঁচটি হারের পর প্লেয়ারদের আত্মবিশ্বাস তলানিতে। তা সত্ত্বেও বলব, আমরা হাল ছাড়ছি না। জয়ে ফিরলেই পরিস্থিতি বদলে যাবে। তখন চেন্নাই প্লে-অফে পৌঁছলেও অবাক হব না।’



