নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহর না থাকা ভারতের কাছে যত বড় ধাক্কা, ততটাই স্বস্তি বিপক্ষ দলগুলির কাছে। আর শুরুতে সেই সুযোগ কাজে লাগাতে চাইছে বাংলাদেশ। ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে টাইগার বাহিনী। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ। শক্তির বিচারে টিম ইন্ডিয়া অনেক এগিয়ে। তবুও এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। তার নেপথ্যে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। বাংলাদেশে পালাবদল এবং প্রবল ভারত বিদ্বেষী মনোভাবের রেশ পড়েছে সমর্থকদের মধ্যেও। তার প্রতিচ্ছবি ধরা পড়ছে সোশ্যাল মিডিয়ায়। বাইশ গজের লড়াইয়ে সেই উত্তাপ যে টের পাওয়া যাবে, তা বলার অপেক্ষা রাখে না।
Advertisement
বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার ইমরুল কায়েস বলছেন, ‘বুমরাহ দক্ষ পেসার। ম্যাচ উইনার। ও চোটের কারণে খেলতে পারছে না। এই সুবিধা বাংলাদেশের কাজে লাগানো উচিত।’ এই ব্যাপারে সতর্ক ভারতীয় টিম ম্যানেজমেন্টও। বুমরাহর অভাব পূরণে সামির অভিজ্ঞতার উপর ভরসা রাখছেন কোচ গৌতম গম্ভীর। দুবাইয়ে টিম ইন্ডিয়ার অনুশীলনে সামির পিছনে অতিরিক্ত সময় ব্যয় করতে দেখা যাচ্ছে বোলিং কোচ মর্নি মর্কেলকে। আসলে অর্শদীপ সিং ও হর্ষিত রানা অনভিজ্ঞ। বুমরাহর বিকল্প হিসেবে তাঁদের ভাবা অনুচিত। প্রাক্তন পেসার লক্ষ্মীপতি বালাজির মতে, ‘সামি বড় আসরে সব সময়ই ভালো পারফর্ম করে। ২০১৯ হোক কিংবা ২০২৩ বিশ্বকাপ— সেরাটা মেলে ধরেছিল। আমার মনে হয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সামি নিজেকে উজাড় করে দেবে। বুমরাহ যখন আসেনি, তখন ভারতীয় পেস আক্রমণের ব্যাটন ছিল সামির হাতেই। বহু ম্যাচে ও ভারতকে জিতিয়েছে। সেই অভিজ্ঞতা এবার কাজে দেবে।’ বালাজি আরও বলেছেন, ‘নতুন বলে সামিকে ঠিকভাবে ব্যবহার করতে হবে। ও উইকেট নেওয়ার ব্যাপারে যথেষ্ট পারদর্শী। প্রথম ছয় ওভারেই বিস্তর ফারাক গড়ে দিতে পারে। পাশাপাশি বল একটু পুরনো হলে রিভার্স সুইংয়ে বিপক্ষের ব্যাটসম্যানদের বিপাকে ফেলার ক্ষেত্রেও ওর জুড়ি মেলা ভার।’



