Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সমুদ্রে নিখোঁজ হরিপুরের মৎস্যজীবী

সমুদ্রে নিখোঁজ হরিপুরের মৎস্যজীবী
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: সমুদ্রে মাছ ধরতে গিয়ে ভুটভুটি থেকে পড়ে নিখোঁজ হয়েছেন কাঁথির হরিপুর মৎস্যখটির এক মৎস্যজীবী। বুদ্ধদেব নায়ক (৪৫) নামে ওই মৎস্যজীবী মঙ্গলবার থেকে নিখোঁজ। বৃহস্পতিবারও হদিশ মেলেনি। অনুমান, তিনি আর বেঁচে নেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে বুদ্ধদেব সহ কয়েকজন মৎস্যজীবী হরিপুর মৎস্যখটি থেকে ভুটভুটিতে মাছ শিকারে রওনা দেন। রাতে কোনওভাবে পা পিছলে ভুটভুটি থেকে পড়ে যান ওই মৎস্যজীবী। হরিপুর মৎস্যখটি থেকে ৯ নটিক্যাল মাইল দূরে ঘটনাটি ঘটে। তারপরই অন্যান্য মৎস্যজীবীরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু হদিশ পাননি। রাতে পরিবারের কাছে বুদ্ধদেবের নিখোঁজের খবর পাঠানো হয়। পরিবারের লোকজন জুনপুট কোস্টাল থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিসও নিজেদের মতো করে মৎস্যজীবীর খোঁজ চালায়। কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল বলেন, আমরা মৎস্যজীবী নিখোঁজ হওয়ার খবর পেয়েই থানাকে বিষয়টি জানাই। পাশাপাশি উপকূলরক্ষী বাহিনীকে জানানো হয়। আমরা ওই মৎস্যজীবীর পরিবারের সঙ্গে কথা বলেছি। তাঁদের পাশে রয়েছি। সংশ্লিষ্ট থানার ওসি কামার হাসিদ বলেন, ওই মৎস্যজীবীর খোঁজে তল্লাশি জারি রয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ