Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সোমবার থেকেই চালু হবে ইউএসজি

সোমবার থেকেই চালু হবে ইউএসজি
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালনা: দীর্ঘ ১০মাসের বেশি সময় ধরে কালনা সুপারস্পেশালিটি হাসপাতালে ইউএসজি পরিষেবা বন্ধ ছিল। নতুন বছরের শুরুতে সোমবার থেকে ফের সেই পরিষেবা চালু হচ্ছে। সেজন্য একজন রেডিওলজিস্ট কাজে যোগ দিয়েছেন। এই পরিষেবা চালু হলে বহু মানুষ উপকৃত হবেন।
Advertisement
কালনা সুপারস্পেশালিটি ও মহকুমা হাসপাতালে এইচডিইউ, এসএনসিইউ, ডায়ালিসিস সহ আরও নানা উন্নত চিকিৎসা পরিষেবা রোগীরা বিনামূল্যে পান। নদীয়া, হুগলি জেলা থেকেও বহু রোগী এই হাসপাতালে আউটডোর ও ইনডোর পরিষেবা নিতে আসেন। গত বছর ফেব্রুয়ারি থেকে ইউএসজি বিভাগের চিকিৎসক অন্যত্র চলে যাওয়ায় ওই গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ হয়ে যায়। যদিও জরুরি ক্ষেত্রে বেসরকারি সংস্থার মাধ্যমে বিনামূল্যে রোগীদের এই পরিষেবা দিয়ে যাচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এর জন্য বেসরকারি সংস্থাকে বিপুল পরিমাণ টাকা দিতে হচ্ছিল। হাসপাতালের তরফে একাধিকবার ইউএসজি পরিষেবা চালু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। অবশেষে বৃহস্পতিবার এই বিভাগে রেডিওলজিস্ট ডাঃ মুস্তাফা আলি মামুন কাজে যোগ দেন। সোমবার থেকে তিনি ইউএসজি পরিষেবায় যুক্ত হবেন।
হাসপাতাল সুপার চন্দ্রশেখর মাইতি বলেন, বহুদিন ধরে বিভাগীয় চিকিৎসকের অভাবে ইউএসজি পরিষেবা বন্ধ ছিল। আমরা জরুরি ক্ষেত্রে এতদিন বেসরকারিভাবে বিনামূল্যে এই পরিষেবা রোগীদের দিয়ে এসেছি। বৃহস্পতিবার এই বিভাগে চিকিৎসক কাজে যোগ দিয়েছেন। সোমবার থেকে হাসপাতালে ইউএসজি পরিষেবা চালু হবে।
সম্পর্কিত সংবাদ