Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সোমবার থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকবে উপভোক্তাদের অ্যাকাউন্টে

সোমবার থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকবে উপভোক্তাদের অ্যাকাউন্টে
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সোমবার থেকেই বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে বাংলার প্রায় ১২ লক্ষ পরিবারের মুখে হাসি ফুটতে চলেছে। ধাপ ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একাধিকবার যাচাই করার পর প্রতিটি জেলা চূড়ান্ত তালিকা তৈরি করেছে। জেলাশাসক, পুলিস সুপারের মতো শীর্ষস্তরের আধিকারিকরা গ্রামে গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলেছেন। তালিকায় থাকা কোনও পরিবারের পাকাবাড়ি থাকলে তা বাদ দেওয়া হয়েছে। প্রাথমিক তালিকা তৈরি হওয়ার পর তা প্রতিটি ব্লকে টাঙানো হয়। গ্রামসভা, ব্লক কমিটি ঘুরে তা জেলাস্তরে আসে। তারপরই চূড়ান্ত তালিকাতে সিলমোহর দেওয়া হয়। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ বলেন, সোমবার থেকে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এই প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য কাউকে টাকা দেওয়ার দরকার নেই।
Advertisement
প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, টাকা পাঠানোর আগে ‘ইউডিআইএন’ যাচাইয়ের জন্য বলা হয়। তার জন্য প্রতিটি এলাকায় ক্যাম্প করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। 
তবে উপভোক্তাদের অ্যাকাউন্টেই যাতে টাকা যায় তার জন্য নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ‘বাংলার শিক্ষা’ পের্টালে পাসওয়ার্ড জেনে প্রতরকরা টাকা তছরূপ করে। ‘বাংলার বাড়ি’ প্রকল্পে তেমনটা যাতে না হয় তার জন্য প্রতিটি জেলাকেই সতর্ক করা হয়েছিল। এই প্রকল্প বাস্তবায়িত করতে কয়েক মাস ধরে প্রশাসন ময়দানে ছিল। অবশেষে অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ায় সব মহলেই স্বস্তি ফিরেছে।
সম্পর্কিত সংবাদ