সংবাদদাতা, কাঁথি: সমবায় সমিতির ৫০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে পলাতক ম্যানেজারকে গ্রেপ্তার করল পটাশপুর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম লক্ষ্মীকান্ত সর। তার বাড়ি পটাশপুরের গোপালপুর এলাকায়। তার বিরুদ্ধে গোপালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির টাকা আত্মসাতের অভিযোগ ছিল। দীর্ঘদিন ধরে ফেরার থাকার পর বৃহস্পতিবার তাকে কলকাতা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে পুলিস। শুক্রবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে তার আটদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
বছর চারেক আগে সমিতির ৫০ লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে যায় ওই ম্যানেজার। তারপর টাকা ফেরতের দাবিতে গ্রাহকরা একাধিকবার সমিতি ঘেরাও করেছিলেন। কর্মীদের তালাবন্ধ করে আটকে রাখা হয়েছিল। যদিও তারপর থেকে এই সমিতি তালাবন্ধই রয়েছে। ঘটনার পরই বাড়ি ছেড়ে সপরিবারে পালিয়ে যায় লক্ষ্মীকান্ত। পুলিসের নজর এড়িয়ে এতদিন সে কলকাতায় বসবাস করছিল। পুলিস তাকে ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। পটাশপুর থানার এক পুলিস আধিকারিক বলেন, ধৃতকে জেরা করে বিস্তারিত জানার চেষ্টা চলছে।



