নিজস্ব প্রতিনিধি, তমলুক: ফের নন্দকুমারে সমবায় ভোটে জোট করে তৃণমূলকে হারাল বাম-বিজেপি। রবিবার নন্দকুমার ব্লকের ভবানীপুর সমবায় সমিতির নির্বাচন ছিল। মোট ১২টি আসনের মধ্যে বাম ও বিজেপির মধ্যে আসন ভাগাভাগি হয়। এদিন ভবানীপুর বোর্ড প্রাইমারি স্কুলে নির্বাচন হয়। সেখানে ফল ঘোষণার পর দেখা যায়, বাম-বিজেপি জোট ১২টির মধ্যে সবকটি আসনে জয়ী হয়েছে। ভবানীপুর এলাকাটি শীতলপুর পশ্চিম পঞ্চায়েতের মধ্যে পড়ে। ওই পঞ্চায়েতও বাম-বিজেপি জোটের দখলে। এদিন ভোটে জেতার পর বিজেপির দুই প্রার্থী অনুপ মান্না ও শুভজিৎ মণ্ডল গেরুয়া আবির মেখে উল্লাসে মেতে ওঠেন। অপরদিকে, সিপিএমের অসীম মণ্ডল, দীপককুমার মণ্ডল, সনাতন সামন্তরা লাল আবির মেখে তৃণমূলকে হারানোর আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেন।শীতলপুর পশ্চিম পঞ্চায়েতের প্রধান তথা সিপিএম নেতা আব্দুল জব্বার বলেন, কোনও রাজনৈতিক জোট নয়, প্রগতিশীল জোট গড়ে এই লড়াই হয়েছিল। তৃণমূল কংগ্রেসের হাত থেকে সমবায়কে বাঁচানোর লক্ষ্যে এই লড়াই ছিল। তাতে জোটের জয় হয়েছে। আমরা এই জয়ে ভীষণ খুশি। তৃণমূলের হাতে বোর্ড গেলে সমবায়ের অস্তিত্ব থাকত না। বিজেপির নন্দকুমার-৪ মণ্ডল সভাপতি মহাদেব মণ্ডল বলেন, আমরা সিপিএমের সঙ্গে একযোগে সমবায়ে লড়াই করেছিলাম। তাতে তৃণমূল সবকটি আসনে পরাস্ত হয়েছে। তৃণমূল কংগ্রেসের নন্দকুমার ব্লক সভাপতি শিবশঙ্কর বেরা বলেন, ভবানীপুর সমবায় সমিতিতে বাম-বিজেপি জোট জয়ী হয়েছে।



