সংবাদদাতা, পতিরাম: বালুরঘাটের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতির ভোটে ছয় আসনেই জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। রবিবার বোয়ালদারের কাজিয়ালসি এলাকায় ওই সমবায় সমিতির ভোটগ্রহণ হয়। এদিনই ভোটের ফল ঘোষণা করে প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, ওই সমবায় সমিতির ছয়টি আসন ছিল। তিনটি সংরক্ষিত এবং তিনটি অসংরক্ষিত। মোট ছয়টি আসনে বাম, বিজেপি ও তৃণমূল প্রার্থীরা ভোটে অংশ নেন। ছয় আসনেই তৃণমূল জয়ী হয়েছে। সমবায় সমিতির ফলে বিজয়-উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। কর্মীদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মফিজউদ্দিন মিয়াঁ, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, তৃণমূল নেতা সন্তোষ হাঁসদা, কৌশিক চৌধুরী, প্রদ্যুৎ মণ্ডল প্রমুখ।



