নিজস্ব প্রতিনিধি, তমলুক: নন্দীগ্রামের পর এবার রামনগরে সমবায় ভোটে আসন ভাগাভাগি করল তৃণমূল ও বিজেপি। রামনগর-১ ব্লকের গোবরা পঞ্চায়েতের অন্তর্গত হীরাপুর সমবায় সমিতির ৪১টি আসনের মধ্যে তৃণমূল ১৪টি এবং বিজেপি ২৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। প্রতিটি আসনে একজন করে প্রার্থী থাকায় আগামী ১২জানুয়ারি নির্ধারিত ডেলিগেট নির্বাচন হচ্ছে না। বিজেপি ও তৃণমূল নেতারা পাশাপাশি বসে আসন সমঝোতা করে নিয়েছেন। শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের দিন ছিল। সেখানেই বোঝাপড়া ফাইনাল হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের রামনগর-১ ব্লক সভাপতি নিতাই সার বলেন, হীরাপুর সমবায় সমিতিতে মোট সংখ্যা ৪১টি। আমরা ১৪টি এবং বিজেপি ২৭টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। যেকারণে আর ভোট হবে না। ডিরেক্টর হিসেবে আমাদের প্যানেলে রাজ্য সরকার, স্টেট কো-অপারেটিভ প্রতিনিধি প্রমুখ থাকবেন। তাই ডেলিগেট নির্বাচনে ওদের বেশি সিট ছাড়া হয়েছে। কো-অপারেটিভ ভোটে আয়োজনে খরচ হয়। আসন সমঝোতায় ভোট এড়ানো গিয়েছে। এর ফলে ভোটের খরচও বাঁচানো সম্ভব হয়েছে। বিজেপির রামনগর-২ মণ্ডল সভাপতি চন্দন দাস বলেন, আমরা সাংগঠনিক শক্তিতে এগিয়ে থাকায় ২৭টি জায়গায় প্রার্থী দিয়েছি। অপরদিকে, তৃণমূল কংগ্রেস তাদের সাংগঠনিক দিক থেকে শক্তিশালী এলাকায় ১৪জন প্রার্থী দিয়েছিল। এভাবেই প্রতিটি আসনে একজন করে প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪১জন ডেলিগেট নির্বাচিত হয়েছেন।



