নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলায় ৩৫৯০ জন আইসিডিএস এবং ১৭৯৩ জন আশাকর্মী স্মার্ট ফোন কেনার জন্য রাজ্য সরকারের দেওয়া ১০ হাজার টাকা করে পাচ্ছেন। এজন্য জলপাইগুড়ি জেলায় খরচ হবে ৫ কোটি ৩৮ লক্ষ ৩০ হাজার টাকা। শনিবার এক অনুষ্ঠানে এমনই জানালেন জেলাশাসক শমা পারভীন।
গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা এবং আইসিডিএস কর্মীদের মোবাইল কেনার জন্য ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। আজ জেলাশাসকের দপ্তরে বেশ কয়েকজনের হাতে সেই টাকা ও মুখ্যমন্ত্রীর দেওয়া শংসাপত্র তুলে দেওয়া হয়। ব্লক স্তরেও অনুষ্ঠান করে আশা এবং আইসিডিএস কর্মীদের হাতে মোবাইলের টাকা তুলে দেওয়া হবে বলে জানান ডিএম।