সংবাদদাতা, হলদিয়া: পুরভোট সামনে রেখে আজ, রবিবার থেকে হলদিয়ায় শুরু হচ্ছে দু'দিনের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির। এটি পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার প্রশিক্ষণ শিবির। ৩৫টি মণ্ডলের সভাপতি, জেলার ৯১ জন কার্যকর্তা, রাজ্য নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা সভাধিপতি, বিধায়ক ও সাংসদ মিলিয়ে মোট ১৯০ জন প্রতিনিধি শিবিরে অংশ নেবেন।
শিবিরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। রানীচক সংলগ্ন হলদিয়া ল'কলেজের পাশে ইউথ হস্টেলে শিবির হচ্ছে। রাজ্য কমিটির সদস্য ও অন্যতম শিবির প্রশিক্ষক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, সাংগঠনিক বিষয় নিয়ে চর্চার পাশাপাশি বিজেপির ইতিহাস, নতুন সরকারের লক্ষ্য ও কীভাবে তা কার্যকর করা হবে সে বিষয়ে আলোচনা হবে। এদিকে, পুরভোট সামনে রেখে হলদিয়ায় সাংগঠনিকভাবে ঘর গোছানোর কাজ শুরু করতে চাইছে বিজেপি। হলদিয়ায় বিধানসভা ভোটে প্রায় ৫০ হাজার ভোটে বিজেপি জিতলেও সংগঠনকে এখনও ঠিকমতো চাঙ্গা করে তুলতে না পারায় দলের অন্দরেই চর্চা রয়েছে। সেদিক থেকে হলদিয়ায় বিজেপির জেলা শিবির এবং সেখানে মুখ্যমন্ত্রীর অংশগ্রহণ খুবই তাৎপর্যপূর্ণ। সন্ধে ৬টা নাগাদ মুখ্যমন্ত্রী আসবেন হলদিয়ায়।