Bartaman Logo
৩০ মে, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

স্মার্ট সানগ্লাস

মুখের সঙ্গে মানানসই সানগ্লাস যে কোনও অনুষ্ঠানে আপনার লুক একেবারে বদলে দিতে পারে।

স্মার্ট  সানগ্লাস
  • ২২ মার্চ, ২০২৫ ০৪:০০

কী ধরনের মুখে কেমন রোদচশমা? রইল পরামর্শ।

Advertisement

মুখের সঙ্গে মানানসই সানগ্লাস যে কোনও অনুষ্ঠানে আপনার লুক একেবারে বদলে দিতে পারে। গ্রীষ্মপ্রধান দেশে শুধু গরমকাল নয়, সারা বছরই রোদচশমায় চোখ ঢেকে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ শুধুমাত্র ফ্যাশন নয়, এতে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব থেকেও চোখ বাঁচিয়ে রাখা সম্ভব। আবার বাইরের ধুলো, ব্যাকটেরিয়া থেকেও চোখ রক্ষা পাবে। কোনও কোনও রোদচশমা আপনার মুখ আরও আকর্ষণীয় করে তুলতে পারে। আবার বেমানান হলে ঠিক এর উল্টোটা হয়। অন্য কাউকে কোনও একটি বিশেষ ফ্রেম ভালো লাগছে মানেই তা আপনাকেও ভালো লাগবে, এই অঙ্ক কিন্তু মিলবে না। আপনার ব্যক্তিত্ব অনুযায়ী কোন ধরনের রোদচশমা মানানসই হবে, কোন ধরনের মুখে কোন সানগ্লাস মানাবে, তা কেনার আগে জেনে নেওয়া জরুরি। সবথেকে বড় বিষয় তা সঠিকভাবে ক্যারি করতে হবে, তা পারলেই আপনার সাজ থেকে অনুপ্রাণিত হবেন বাকিরাও।
মুখের গড়ন, ত্বকের রং, ব্যক্তিত্ব, পেশা— এতগুলো বিষয় বিবেচনা করে নিজের জন্য সানগ্লাস পছন্দ করুন। উজ্জ্বলরঙা ত্বকে লাল, কালো, বাদামি, নীল, সবুজ যে কোনও রঙের ফ্রেম পছন্দ করতে পারেন। মেটালিক ফ্রেমও মানাবে ভালো। কিন্তু সেটা আপনি পোশাকের সঙ্গে বা কোন জায়গায় যাচ্ছেন, তা মাথায় রেখে কত সুন্দরভাবে ব্যবহার করতে পারছেন, তার উপর সৌন্দর্য নির্ভর করবে। গোল, ডিম্বাকৃতি, চৌকো, পানপাতার আকৃতি এবং লম্বাটে গড়নের মুখই সাধারণ দেখতে পাওয়া যায়। আপনার কোন ধরনের গড়ন, সেটা আগে ভালোভাবে বুঝে নিন। 
পানপাতার মতো মুখের গড়ন হলে গোলাকৃতি, টিয়ারড্রপ, রেট্রো স্কোয়ার, ব্রো-লাইন সানগ্লাস ভালো মানাবে। স্পোর্টি সানগ্লাসও ব্যক্তিত্ব বুঝে ব্যবহার করতে পারেন। এই ধরনের মুখের গঠন হলে খুব বড় আকারের রোদচশমায় মুখ ঢেকে গেলে সৌন্দর্য নষ্ট হতে পারে। 
মুখের গড়ন ডিম্বাকৃতি হলে অ্যাভিয়েটর, বাটারফ্লাই, ক্যাটস আই বেছে নিন। ভারী মুখ হলে আয়তাকার সানগ্লাস ট্রাই করুন। মনে রাখবেন, সানগ্লাস আপনার ব্যক্তিত্বকে কমপ্লিমেন্ট করবে। কিন্তু আপনার থেকে যদি সব ফোকাস সানগ্লাসে চলে যায়, তা সঠিক বার্তা দেবে না। শুধু সানগ্লাসে চোখ আটকে থাকলে তা দেখনদারির পর্যায়ে চলে যায়। তা কোনও পরিস্থিতিতেই কাম্য নয়।
লম্বাটে গড়নের মুখের জন্য গোলাকৃতি সানগ্লাস বেছে নিন। এক্ষেত্রেও রঙিন ফ্রেম পছন্দ করতে পারেন। তবে ফ্রেম ছোট হলে দেখতে ভালো লাগবে না। 
গোল মুখ তুলনামূলক সরু দেখানোর জন্য আয়তাকার সানগ্লাস ব্যবহার করুন। যাঁদের মুখে মেদের পরিমাণ বেশি, তাঁরাও এটা ট্রাই করতে পারেন। আবার ক্লাবমাস্টার সানগ্লাসও ভালো দেখতে লাগবে। ওভারসাইজড, অ্যাভিয়েটরও আকর্ষণীয় লুক তৈরি করে। মুখের আকার ছোট বা চ্যাপ্টা হলে পাতলা ফ্রেমের সানগ্লাস পরুন। কালো, বাদামি বাদ দিয়ে বরং গোলাপি, নীল, লালের মতো কিছু রং ট্রাই করতে পারেন। খুব ছোট মুখ হলে কিন্তু ওভারসাইজড সানগ্লাস অতিরিক্ত বলে মনে হবে।
মুখ চৌকো হলে অ্যাভিয়েটর পরে দেখুন। যে কোনও ধরনের পোশাকের সঙ্গে মানানসই এই ফ্রেম। যাঁদের এই গড়নের মুখ, তাঁদের ক্ষেত্রে বড় সানগ্লাস দারুণ লুক তৈরি করতে সাহায্য করে।
যে কোনও ধরনের মুখে সানগ্লাসের ফ্রেম গালের হাড় (চিক বোন) বরাবর হলে দেখতে মানানসই হয়। ইদানীং স্টাইলিংয়ের জন্য অথবা মুখের বলিরেখা খানিক ঢেকে রাখার জন্য সেলেবরা রাতেও রঙিন চশমায় চোখ ঢেকে রাখেন। তাঁদের দেখে অনুপ্রাণিত হয়ে নিজের জীবনে তা কার্যকর না করাই ভালো। এতে চোখের ক্ষতি হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
কেউ আবার ঘন ঘন সানগ্লাস বদল করতে পছন্দ করেন। কিন্তু তা যদি আপনার ব্যক্তিত্বের পরিপন্থী হয়, তাহলে তা না করাই শ্রেয়। পাশাপাশি চোখের সুরক্ষার বিষয়ে বিশেষ নজর দিন। নানা ধরনের সানগ্লাস আদতে চোখের সমস্যা তৈরি করতে পারে। যাঁদের চশমা রয়েছে, তাঁরা অবশ্যই সানগ্লাস কেনার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন। প্রয়োজনে সানগ্লাসেও পাওয়ার দিয়ে তা ব্যবহার করতে পারেন।

স্বরলিপি ভট্টাচার্য

সম্পর্কিত সংবাদ