সুকান্ত মাহাত, পুরুলিয়া: তীব্র গরমে জঙ্গলে বন্যপ্রাণীদের জলকষ্ট দূর করতে উদ্যোগী হল বনদপ্তর। পুরুলিয়ার কোটশিলা ও ঝালদা রেঞ্জ এলাকায় ইতিমধ্যে পাহাড় ও জঙ্গলে জলের প্রাকৃতিক উৎসগুলি কাজে লাগিয়ে ছোট ছোট জলাধার নির্মাণে উদ্যোগ নিয়েছে বনদপ্তর। যেগুলিতে দিনের সারাক্ষণই জল জমে থাকতে পারে। অন্যান্য রেঞ্জ এলাকাতেও এই কাজ করা হবে বলে জানা গিয়েছে।
পুরুলিয়ার ডিএফও অঞ্জন গুহ বলেন, গরমে বন্যপ্রাণীদের যাতে জল পেতে সমস্যা না হয় তারজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরুলিয়া ডিভিশনের এডিএফও সায়নী নন্দী বলেন, পাহাড় এবং গভীর জঙ্গল এলাকায় বনদপ্তরের কর্মী এবং বন পরিচালন কমিটির সদস্যদের সক্রিয় চেষ্টাতেই এই কাজ শুরু করা হয়েছে। মূলত ‘ওয়াটার হোল’ তৈরি করা হচ্ছে। কোটশিলা রেঞ্জের সিমনি, জাবর, হরতানের জঙ্গলে এবং ঝালদা রেঞ্জের ইচাহাতু, বড়গাঁতা, কাঁসরা, এদেলডি এলাকার পাহাড় ও জঙ্গল এলাকায় এই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
দপ্তর সূত্রে জানা গিয়েছে, সংরক্ষিত বনাঞ্চল এলাকায় ওয়াটার হোল সিস্টেম বেশ জনপ্রিয়। এবার সাধারণ জঙ্গল এলাকাতেই এই কাজ শুরু করা হল। এক্ষেত্রে মূলত পাহাড়ের গা বেয়ে যেখানে জল পড়ছে ওই এলাকায় খানিকটা গর্ত করার পাশাপাশি পাথর এবং বালি দিয়ে আল বানিয়ে সেখানে ওই জল বেশ খানিকটা ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু জায়গায় বনদপ্তরের কর্মী এবং বনপরিচালন কমিটির সদস্যরা এই কাজ করলেও পরবর্তী সময়ে আরও বড় আকারের এধরনের কাজ করার পরিকল্পনা রয়েছে বনদপ্তরের। এডিএফও আরও বলেন, গরমের সময় পাহাড় এবং জঙ্গলে ঠিকমতো জল না পেয়ে বন্যপ্রাণীরা জলের সন্ধানে অনেক সময় লোকালয়ে চলে আসে। ফলে সাধারণ মানুষের সঙ্গে সংঘাতের পরিবেশ তৈরির আশঙ্কা দেখা যায়। গরমের সময় জঙ্গলের ভিতর বিভিন্ন জায়গায় বন্যপ্রাণীরা যাতে জল পায় তার জন্যই এই ওয়াটার হোল তৈরির প্রকল্প নেওয়া হয়েছে। আপাতত এই কাজ স্বেচ্ছায় শ্রমদানের মাধ্যমেই করা হচ্ছে। পরে আরও বড় আকারে করার পরিকল্পনাও রয়েছে। কোটশিলা এবং ঝালদা ছাড়াও অন্যান্য রেঞ্জেও এই ধরনের কাজ করার জন্য সমীক্ষা শুরু হয়েছে। মূলত প্রাকৃতিক উপায়ে পাওয়া জলই ধরে রাখার ব্যবস্থা করা হচ্ছে।
এছাড়াও পাখিদের জন্য অন্যান্যবারের মতো এবারও জঙ্গলের বিভিন্ন জায়গায় মাটির পাত্রে জল রাখা শুরু হয়েছে। গরমে যাতে জঙ্গলে থাকা পশু-পাখিদেরও কোনওরকম সমস্যায় পড়তে না হয় তারজন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। -নিজস্ব চিত্র