সংবাদদাতা, উলুবেড়িয়া: আমতা ২ ব্লকের অধিকাংশ জমি বোরো চাষের উপর নির্ভরশীল। এই বোরো চাষের প্রয়োজনীয় জলের জন্য কাশমূলী অঞ্চলের বেগুনেঘাটায় মজা দামোদরের উপর পাঁচ গেটের একটি স্লুইস গেট নির্মাণ করা হল। সেচদপ্তর সূত্রে খবর, স্লুইস গেটটি তৈরিতে খরচ হয়েছে প্রায় তিন কোটি টাকা। স্লুইস গেট নির্মাণ ছাড়াও এলাকাবাসীর সুবিধার্থে একটি ৩০ মিটার লম্বা রাস্তাও করা হয়েছে।
জানা গিয়েছে, আমত ২ ব্লকের ঝিকিরা, আমরাগড়ি, ঝামটিয়া, কাশমূলি জয়পুর, থলিয়া, বিনোলাকৃষ্ণবাটি ইত্যাদি এলাকায় বোরোচাষের জল হুগলি থেকে মুণ্ডেশ্বরী হয়ে আসে। পর্যাপ্ত জল না পেলে এই চাষে সমস্যা দেখা দেয়। এই জল মজা দামোদর দিয়ে এলাকার প্রায় চার হাজার হেক্টর জমিতে পৌঁছয়। জল যাতে রূপনারায়ণে নেমে না যায়, সেই জন্য প্রতি বছর মজা দামোদরের উপর অস্থায়ী মাটির বাঁধ করতে হতো। যদিও নদীতে জলের চাপ বেশি থাকলে মাঝেমধ্যে সেই অস্থায়ী বাঁধ ভেঙে গিয়ে জল রূপনারায়ণে নেমে যেত। দীর্ঘদিনের এই সমস্যা থেকে মুক্তি পেতে মজা দামোদরের উপর একটি স্লুইস গেট নির্মাণ করা হয়।
আমতার বিধায়ক সুকান্ত পাল জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই স্লুইস গেট তৈরি করা হয়েছে। গেটটি নির্মাণ হওয়ায় এই এলাকার বোরোচাষিদের মুখে হাসি ফুটেছে। এতে প্রায় ১০ হাজার কৃষক পরিবার উপকৃত হবে। এর মধ্যে আমতা ২ ব্লক ছাড়াও রয়েছে হুগলির খানাকুল ২ ব্লকের ৩টি অঞ্চলের মানুষও। এখন বন্যার জল বের করার জন্য গেট খোলা রাখা হয়েছে। এছাড়া স্লুইস গেটের উপর রাস্তা নির্মাণ হওয়ায় খড়িগেড়িয়ার বাসিন্দাদের ব্লক অফিসে বা সাবগাছতলায় আসার রাস্তার দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার কমেছে। নিজস্ব চিত্র