Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সেলটিকের চ্যালেঞ্জ টপকাতে মরিয়া বায়ার্ন

সেলটিকের চ্যালেঞ্জ টপকাতে মরিয়া বায়ার্ন
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মিউনিখ: দু’দলের মধ্যে বিস্তর ফারাক। দক্ষতা ও মানের নিরিখে সেলটিকের চেয়ে কয়েক যোজন এগিয়ে বায়ার্ন মিউনিখ। তবে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম লেগে গ্লাসগোতে জার্মান ক্লাবটিকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ব্রেন্ডন রজার্সের ছেলেরা। ম্যাচের প্রথম মিনিটেই সেলটিকের গোল বাতিল হয়। না হলে অঘটন ঘটতেই পারত। শেষ পর্যন্ত অ্যাওয়ে ম্যাচে ২-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ভিনসেন্ট কোম্পানি ব্রিগেড। তবে সেলটিকের লড়াকু ফুটবল সেদিন প্রশংসা কুড়িয়েছিল সব মহলে। এবার ফিরতি লেগে মঙ্গলবার অ্যালায়েঞ্জ এরিনায় ফের মুখোমুখি হচ্ছে দু’দল। প্রথম লেগের ছন্দ ধরে রেখে ঘরের মাঠেও জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করাই লক্ষ্য হ্যারি কেনদের। তবে প্রতিপক্ষের ডেরায় অঘটন ঘটাতে তৈরি সেলটিক। সেটা হলে ২০১২-১৩ মরশুমের পর ফের চ্যাম্পিয়ন্স লিগের নক-আউটে যাবে স্কটিশ ক্লাবটি।
Advertisement
বুন্দেশলিগায় গত ম্যাচে লেভারকুসেনের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে বায়ার্ন। ম্যাচে প্রতিপক্ষের গোলে একটিও শট রাখতে ব্যর্থ কোম্যান-মুসিয়ালারা। চ্যাম্পিয়ন্স লিগের আগে অ্যাটাকারদের এই ফর্ম কিছুটা হলেও চিন্তা বাড়াবে কোচ কোম্পানির। তার উপর গত ম্যাচে চোয়ালে চোট লাগায় সোমবার অনুশীলন করেননি হ্যারি কেন। তবে চলতি মরশুমে ঘরের মাঠে দারুণ ছন্দে রয়েছে বায়ার্ন। গত ডিসেম্বরে জার্মান কাপের লড়াইয়ে লেভারকুসেনের কাছে শেষবার বশ মানে তারা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ঘরের মাঠে পিএসজি, বেনফিকার মতো দলকে বশ মানিয়েছে। মঙ্গলবার সেই ধারা বজায় রাখাই লক্ষ্য তাদের।
দিনের অপর ম্যাচে ফেয়েনুর্ডের মুখোমুখি হবে এসি মিলান। প্রথম লেগে ইতালিয়ান ক্লাবটিকে হারিয়ে চমক দিয়েছিল ডাচ ক্লাবটি। এক গোলের লিড নিয়ে মঙ্গলবার মাঠে নামছে তারা। পক্ষান্তরে, সরাসরি শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে হলে ঘরের মাঠে অন্তত দু’গোলের ব্যবধানে জিততে হবে এসি মিলানকে। এক গোলের ব্যবধান থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। তবে চলতি মরশুমের শুরু থেকেই ধারাবাহিকতার অভাবে ভুগছে এসি মিলান। সিরি-এ’তে সপ্তম স্থানে রয়েছে তারা। তবে লিগের লড়াইয়ের ফল চ্যাম্পিয়ন্স লিগে পড়বে না বলেই আশাবাদী কোচ সের্গিও কনসেইকাও।
প্রথম লেগে ঘরের মাঠে বেনফিকার কাছে এক গোলে বশ মেনেছিল মোনাকো। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য তাদের। প্লে-অফের লড়াইয়ে প্রথম লেগে আটালান্টাকে ২-১ গোলে হারিয়েছিল ক্লাব ব্রাগ। অ্যাওয়ে ম্যাচেও সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য বেলজিয়াম ক্লাবটির।
Advertisement
সম্পর্কিত সংবাদ