Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সালারে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

সালারে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: সালার থানার শালিন্দা গ্রামে বাড়ির দোতলার ঘর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম সর্বজিৎ সাহা(১৯)। শুক্রবার সকালে সোনার দোকানে কাজে যোগ দেওয়ার কথা ছিল। এদিনই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিস মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস।
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ছ’মাস ধরে ওই যুবক কৃষ্ণনগরের একটি সোনার দোকানে কাজ করছিলেন। সাতদিন আগে সেখান থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরেন। শুক্রবার ছুটি শেষে এদিন তাঁর কাজে যোগ দেওয়ার কথা ছিল। তার আগে দেহ উদ্ধার ঘিরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মৃতের মা শেফালি সাহা বলেন, এদিন সকালেই ছেলের কাজে যোগ দেওয়ার কথা। সকালে ওর ঘরে বিছানার চাদর আনতে গিয়ে দেখি, সিলিং ফ্যানের সঙ্গে দেহ ঝুলছে। এরপর সকলকে ডাকাডাকি করি। ঝুলন্ত দেহের নীচে মোবাইলের একটি সিম কার্ড ভাঙা অবস্থায় পড়ে ছিল। তবে মোবাইলটি অক্ষত ছিল।
মৃতের কাকিমা মৌসুমি সাহা বলেন, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। বাড়ি ফেরার পর সবকিছুই স্বাভাবিক ছিল। এদিনের ঘটনা সম্পর্কে কিছুই আমরা আঁচ করতে পারিনি। একমাত্র পুলিসি তদন্তেই মৃত্যুর কারণ উঠে আসতে পারে। পুলিস জানিয়েছে, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
কান্দিতে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার: এদিন সকালে কান্দি থানার উগ্রভাটপাড়া গ্রামের এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। মৃতার নাম রুমকি দাস(১৭)। জানা গিয়েছে, পড়াশোনায় ফাঁকি দেওয়ায় বাড়ির লোকজন বকাবকি করেছিল। তাতেই সে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে বলে পরিবারের দাবি।
বড়ঞায় আগুনে পুড়ে প্রৌঢ়ার মৃত্যু: বড়ঞা থানার আন্দি গ্রামে আগুনে পুড়ে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। মৃতার নাম কল্পনা চন্দ্র(৫৬)। শুক্রবার ভোরে বাড়ির বাথরুমে গায়ে কেরোসিন ঢেলে তিনি আগুন ধরিয়ে দেন। সেখানেই পুলিস মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করে। পরিবারের দাবি, দীর্ঘদিন অসুস্থতার কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তার জেরে গায়ে আগুন লাগিয়ে তিনি আত্মঘাতী হয়েছেন।
 
সম্পর্কিত সংবাদ