Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সোলার সিস্টেম ব্যবহার, পঞ্চায়েতের বিদ্যুতের খরচ কমিয়েছে মুরাডি

সোলার সিস্টেম ব্যবহার, পঞ্চায়েতের বিদ্যুতের খরচ কমিয়েছে মুরাডি
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: পঞ্চায়েতের আলো থেকে ফ্যান, কম্পিউটার থেকে প্রিন্টার মেশিন সমস্ত কিছুই সোলার সিস্টেমে চলছে। যার ফলে বর্তমানে বছরে ৪০ থেকে ৫০ হাজার টাকা পঞ্চায়েতের বৈদ্যুতিক খরচ কমেছে। সাশ্রয় হওয়া টাকা পঞ্চায়েতে উন্নয়নের বিভিন্ন কাজে ব্যবহার করা সম্ভব হচ্ছে। বাস্তবে সাঁতুড়ি ব্লকের তৃণমূল পরিচালিত মুরাডি গ্রাম পঞ্চায়েতে এমন চিত্র দেখা গিয়েছে। বর্তমানে পঞ্চায়েতের সমস্ত কাজ সোলার থেকে তৈরি বিদ্যুৎ-এ কাজ হচ্ছে। পঞ্চায়েতের ছাদে সোলার প্ল্যান বসানো হয়েছে।
Advertisement
পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি সরকারি দপ্তরের খরচ কমানোর নির্দেশ দিয়েছেন। দপ্তরগুলি তাদের নিজস্ব খরচ কমিয়ে সেই টাকা জনগণের উন্নয়নের কাজে ব্যবহার করার দিকে নজর দেওয়ার কথা জানিয়েছে। অন্যদিকে বর্তমানে সোলার মানুষের কতটা উপকারে আসতে পারে তার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার জোর প্রচার চালাচ্ছে। সৌর আলোকে উন্নয়নের কাজে ব্যবহার করে সরকারি দপ্তরগুলি এক দৃষ্টান্ত স্থাপন করেছে। পঞ্চায়েত থেকে জেলা প্রশাসন গ্রাম থেকে গ্রামান্তর সোলার লাইট, সোলার ডিপ টিউবওয়েলের মাধ্যমে জল উত্তোলন, সোলারের মাধ্যমে কৃষিজমি সেচ করার মতো বিভিন্ন প্রকল্পের কাজ করা হচ্ছে। যে সব জায়গায় বিদ্যুৎ পৌঁছনো সম্ভব নয়, সেখানে কীভাবে সহজে সোলার মাধ্যমে কাজ করা যায়, তাও দেখানো হচ্ছে। মুরাডি গ্রাম পঞ্চায়েত সমস্ত দপ্তরের বৈদ্যুতিক কাজ সোলার সিস্টেমে চলছে।
পঞ্চায়েতের এক আধিকারিক বলেন, বর্তমানে পঞ্চায়েতের যাবতীয় কাজ সোলারের তৈরি বিদ্যুৎ দিয়েই করা হচ্ছে। সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে পঞ্চায়েতের ছাদে সোলার প্ল্যান বসানো হয়েছে। আগে পঞ্চায়েতে মাসে তিন থেকে চার হাজার টাকা বৈদ্যুতিক বিল আসত। এখন বছরে তিন থেকে চার হাজার টাকা বিল আসে। শুধুমাত্র বর্ষার সময়, বিশেষ করে যে দিনগুলিতে মেঘলা আবহাওয়া থাকে, সেই সব দিনে বিদ্যুৎ ব্যবহার করতে হয়। পঞ্চায়েত প্রধান বাসন্তী মাহালি বলেন, সোলার সিস্টেমের জন্য বর্তমানে আমাদের ইলেকট্রিক খরচ কমেছে। পাশাপাশি সোলার সিস্টেম মাধ্যমে কীভাবে উন্নত মানের কাজ করা যায়, তার উদাহরণ আমরা তুলে ধরেছি। সোলার ব্যবহারে মানুষ যাতে উৎসাহিত হন, তার উদাহরণের জন্য আমরা সমস্ত পঞ্চায়েতের বৈদ্যুতিক ব্যবস্থা সোলারের মাধ্যমে করেছি।
সম্পর্কিত সংবাদ