Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সালারে সাপের কামড়ে জখম ১

সালারে সাপের কামড়ে জখম ১
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: কিশোর ছেলের পরামর্শে সাপের কামড় খাওয়া বাবা ছুটলেন হাসপাতালে। চিকিৎসা শুরু হওয়ায় সুস্থ হয়ে উঠছেন তিনি। বুধবার বিকেলের ওই ঘটনা সালার থানার কান্দরা গ্রামের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে কান্দরা গ্রামের বাবা মিঠুন দাস ও তাঁর কিশোর ছেলে মনোজিৎ দাস ভেড়া চড়াতে গ্রামের মাঠের দিকে গিয়েছিলেন। একসময় তাঁরা ভেড়ার পাল নিয়ে গ্রামের স্কুলের পিছন দিকের একটি জঙ্গলে ঢুকে পড়েন। সেই সময় একটি সাপে কিশোরের বাবাকে কামড়ে দেয়। কামড়ানোর পর বাবা ও ছেলে দুইজনেই সাপটি দেখতে পেয়েছিল। কিন্তু ছেলে মুহুর্তেই বাবাকে জানায় অন্য কোথাও নয়, সোজা হাসপাতালে চলে যাও। ছেলের কথা শুনে বাবাও প্রায় তিন কিলোমিটার দূরে সালার গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য চলে আসেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর রক্তের নমুনা নেওয়া হয়েছে। চিকিৎসাও শুরু হয়েছে। এখনই ভয়ের কিছু নেই।
Advertisement
এবিষয়ে জখম মিঠুনবাবু বলেন, প্রথমে কিছুটা আতঙ্কে পড়ে গিয়েছিলাম। কিন্তু ছেলে ভরসা দিয়ে বলল হাসপাতালে গেলে ঠিক হয়ে যাবে। ছেলের কথায় সাহস পেয়ে সোজা হাসপাতালে চলে আসি। ছেলে মনোজিৎ জানায়, মোবাইল সহ অন্যান্য প্রচার মাধ্যমেই সচেতন হয়েছি। তাই সাপে কামড়ালে সকলকেই হাসপাতালে যাওয়ার পরামর্শ দিই। বাবাকেও সেটাই দিয়েছি।
সম্পর্কিত সংবাদ