সংবাদদাতা, কান্দি: সামাজিক সচেতনতা সহ সম্প্রীতির বার্তা দিতে সালার থানার উদ্যোগে রবিবার একটি সভা করা হল। এদিন সভায় সালার থানা সংলগ্ন এলাকার ২০০ জন ইমাম ও পুরোহিত অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বিভিন্ন সামাজিক সমস্যার কথা তুলে ধরেন। অনেকেই বাল্যবিবাহ রোধে নিজেদের সক্রিয় ভুমিকা নেওয়ার কথা বলেন। এছাড়াও বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতার বার্তাও দেওয়া হয়। সভায় হাজির ছিলেন কান্দির এসডিপিও শাশ্রেক আম্বারদার, সালার থানার ওসি কাউসার হোসেন মণ্ডল প্রমুখ। এদিন পুরোহিত সম্প্রদায়ের রাজ্য কমিটির সদস্য শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বিভিন্ন সামাজিক সমস্যায় জর্জরিত। বাল্যবিবাহ রোধে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। এদিন সেইসব সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও সাম্প্রদায়িক সম্প্রীতির উপর জোর দেওয়া হয়। ইমাম সংগঠনের রাজ্য সম্পাদক নিজামউদ্দিন বিশ্বাস বলেন, কয়েকটি সংবাদ মাধ্যম নিরপেক্ষতা না রেখে বিভাজন তৈরি করছে। এটা আমাদের মধ্যে প্রশ্ন খাড়া করছে।



