সংবাদদাতা, করণদিঘি: জলস্বপ্ন প্রকল্পের সোলার প্যানেল ও নলকূপের বেহাল দশা। করণদিঘি ব্লকের রসাখোয়া-২ গ্ৰাম পঞ্চায়েতের বড়দই, মহেশপুর, ঠাকুরবাড়ি, গোবিন্দপুর গ্ৰামে সোলার নলকূপ বসানোর ৬ মাস পর থেকেই সেগুলি নষ্ট হয়ে পড়ে আছে। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করানো হয়েছে বলে দাবি গ্ৰামবাসীদের। বড়দই গ্ৰামের বাসিন্দা রামেশ্বর সিংহ বলেন, ২০২৩ সালের ডিসেম্বর মাসে রাস্তার পাশে নলকূপ বসানো হয়। এছাড়াও গ্ৰামে ১১ লক্ষ টাকায় তিনটি জলস্বপ্ন প্রকল্পের কাজ হয়েছিল। ঠিকাদার সংস্থার কর্মীদের গাফিলতির জন্য কাজ শেষ হওয়ার ছ’মাস পরেও কেউ জল পান করতে পারেননি। গ্ৰামে জলের প্রচণ্ড সমস্যা রয়েছে। নলকূপ বসানোর সময় মাটি পরীক্ষা করা হয়নি। গভীরতা যাচাই না করে পাইপ বসানোয় প্রচুর আয়রনযুক্ত নোংরা জল বের হয়। বাসিন্দাদের দাবি, রসাখোয়া-২ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সহ ইঞ্জিনিয়ারদের জলস্বপ্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখে ঠিক করার দাবি জানানো হয়েছিল। এক বছর কেটে গেলেও কাজ করা হয়নি। জল সমস্যার জন্য পেটের রোগে ভুগছেন গ্ৰামের বয়স্করা। পঞ্চায়েত প্রধান আসনারা খাতুন জানিয়েছেন, জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে তিনটি সোলার নলকূপ বসানো হয় ২০২৩ সালে। ঠিকাদার সংস্থাকে চিঠি দেওয়া হবে, যাঁতে তারা দ্রুত তিনটি গ্রামের নলকূপ মেরামত করে দেন।



