সংবাদদাতা, বহরমপুর: গ্যাসে রান্না করার সময় কাপড়ে আগুন লাগে। সেই দুর্ঘটনার ৪০দিন পর, শনিবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এক বৃদ্ধার মৃত্যু হল। মৃতার নাম আফরোজা বেওয়া(৬১)। তাঁর বাড়ি সালার থানার মল্লিকপাড়ায়। রান্না করার সময় অসর্তকতায় তাঁর কাপড়ে আগুন ধরে গিয়েছিল। প্রাথমিক তদন্তের পর পুলিস এমনই জানিয়েছে। জানা গিয়েছে, গত ২৩ ডিসেম্বর আফরোজা বেওয়া বাড়িতে রান্না করছিলেন। সেসময় তাঁর কাপড়ে আগুন ধরে যায়। কোমরে বেল্ট থাকায় কাপড় খুলতে না পেরে তিনি বাড়ির পাশের পচা ডোবায় ঝাঁপ দেন। এরপর তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ১৩দিন চিকিৎসার পর পরিবারের লোকজন তাঁকে বাড়িতে নিয়ে যান। এদিকে হঠাৎ অবস্থার অবনতি হওয়ায় ২৭ জানুয়ারি তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃতার ছেলে সফিক শেখ বলেন, পচা ডোবায় ঝাঁপ দেওয়ায় ক্ষতস্থানে ইনফেকশন হয়ে গিয়েছিল। শুরুতেই মেডিক্যাল কলেজে নিয়ে এলে আজ এই অবস্থা হতো না।



