সংবাদদাতা, কান্দি: একটি বিতর্কিত জমি দখলকে কেন্দ্র করে রবিবার সালার থানার কান্দরা গ্রামে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় এক ব্যবসায়ী জমি দখল করে মাটি দিয়ে ভরাট করতে শুরু করে। তখন গ্রামের বাসিন্দাদের একাংশ তাতে বাধা দেন। এরপর স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরাও বাধা দিতে আসেন। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। গ্রামের বাসিন্দারা জমি দখলকারীদের তাড়া করেন বলেও অভিযোগ।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের একটি পরিত্যক্ত জমিতে দীর্ঘদিন ধরে গ্রামের যুবকরা খেলাধুলো করেন। এদিন সকালে স্থানীয় এক ব্যক্তি মাটি ভরাট করে সেই জমির দখল নিচ্ছিলেন বলে অভিযোগ। সেইসময় প্রথমে স্থানীয়রা বাধা দেন। পরে পঞ্চায়েত প্রধানকে ঘটনার কথা জানানো হয়। তখন ঘটনাস্থলে পঞ্চায়েত প্রতিনিধিরাও আসেন। এরপর জমি দখলকারীদের এলাকা থেকে তাড়া করে সরিয়ে দেওয়া হয়। এবিষয়ে পঞ্চায়েত প্রধান রাবিয়া বিবি বলেন, ওই জমিটি দেবত্তর সম্পত্তি বলেই আমরা জানি। সেই জমি কীভাবে বিক্রি হল, সেটাই আশ্চর্য্য। আসলে এই এলাকায় অনেক জমি মাফিয়া রয়েছে। তাদের কাজই হল ত্রুটিপূর্ণ জমি রেকর্ড করে দখল নেওয়া। এক্ষেত্রেও সেটাই হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে সালার থানার পুলিস আসে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে।
স্থানীয় এক পেট্রল পাম্পের মালিক তথা ওই জমির ক্রেতা আবু বাক্কার বলেন, এটা কোনও বিতর্কিত জমি নয়। এর দলিল ও রেকর্ড সবই রয়েছে। জেনেশুনেই ওই জমি কিনেছি। ভালো করে তদন্ত করলে দেখা যাবে, বেআইনিভাবে কোনও জমি দখল করা হয়নি। পঞ্চায়েত প্রধান ভুল বুঝে এসব করছেন। স্থানীয় মালিহাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি রেজাউল শেখ বলেন, জমিটি দখল করা হচ্ছিল। সেখানে দীর্ঘদিন ধরে গ্রামের ছেলেরা খেলাধুলো করে। এটি দেবত্তর সম্পত্তি বলে রেকর্ডও রয়েছে। জমি নিয়ে কোনও দুর্নীতি চলতে দেওয়া যাবে না।