সংবাদদাতা, কান্দি: ভাড়াটিয়া কোয়াক ডাক্তারকে ঘর থেকে না তাড়ালে বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। বুধবার সকালে এমনই পোস্টার ঘিরে সালার থানার মাধাইপুর গ্রামে চাঞ্চল্য ছড়ায়। বাড়ির মালিক জুয়েল মণ্ডল এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালেই জুয়েল সাহেবের বাড়ির সামনের দেওয়ালে সাঁটা ওই পোস্টার দেখা যায়। সেটি নীলকালির হাতে লেখা পোস্টার। ওই পোস্টার প্রতিবেশীরা দেখতে পেয়ে বাড়ি মালিককে জানান। ওই পোস্টারে লেখা হয়, জুয়েল তোমাকে তিনমাস সময় দেওয়া হচ্ছে। ভাড়াটিয়াকে বাড়ি থেকে হটাও। তা না হলে তোমার বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। তোমার ধানের ব্যবসার ক্ষতি করে দেব। প্রসঙ্গত, ওই বাড়িতে প্রায় ২৪বছর ধরে একজন কোয়াক ডাক্তারের চেম্বার রয়েছে। ওই কোয়াক ডাক্তারের বাড়ি সালারে। তিনি বলেন, আমি এখানে ২৪বছর ধরে চিকিৎসা করছি। কারও সঙ্গে কোনওদিন বিবাদ হয়নি। কেন এমন করা হল সেটাই বুঝতে পারছি না। বাড়ির মালিক জুয়েল সাহেব বলেন, উনি আমার ভাড়াটিয়া হলেও দাদার মতো এখানে থাকেন। তাঁকে নিয়ে কারও কোনও সমস্যা হওয়া উচিত নয়। বিষয়টি পুলিসের উপর ছেড়ে দিয়েছি।



