Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সেলফিল পদ্ধতিতে ১৪ টি রাস্তা মেরামত, খরচ ৮০ কোটি টাকা

সেলফিল পদ্ধতিতে ১৪ টি রাস্তা মেরামত, খরচ ৮০ কোটি টাকা
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বালুরঘাট: সেলফিল নামক নয়া প্রযুক্তিতে তৈরি হবে ১৪ টি কংক্রিট রাস্তা। সেজন্য ৮০ কোটি টাকার টেন্ডার ডাকল রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থা। মূলত ব্ল্যাকটপ (পিচের রাস্তা) কংক্রিটের রাস্তাগুলি তৈরির কয়েক বছরের মধ্যে বেহাল হয়ে পড়ে। এই নয়া প্রযুক্তি ইতিমধ্যে অন্য রাজ্যে ব্যবহার শুরু হলেও এই রাজ্যে সেভাবে হয়নি। সেলফিল প্রযুক্তি ব্যবহারে রাস্তা তৈরিতে যেমন খরচ কম হয়, তেমনি ভারী যানবাহন চলাচলেও টেকসই ভালো।
Advertisement
এই পদ্ধতিতে জেলার একাধিক বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য টাকা বরাদ্দ হতেই প্রশাসনের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থার জেলা আধিকারিক রবীন্দ্রনাথ সরকার বলেন, এই প্রথম আমরা সেলফিল কংক্রিট প্রযুক্তির ব্যবহার করে রাস্তা তৈরি করছি। বাকি পদ্ধতিগুলি থেকে এই পদ্ধতিতে রাস্তা নির্মাণ হলে দীর্ঘবছর কোনও ক্ষতি হয় না। মোট ১৪টি রাস্তা তৈরি করা হবে। ৮০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে টেন্ডার ডাকা হয়েছে। টেন্ডার সম্পূর্ণ হলেই কাজ শুরু করে দেওয়া হবে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেলফিল অনেকটা ‘মৌচাকের’ মতো। আইআইটি খড়গপুর রাস্তা তৈরির জন্য এই সামগ্রী তৈরি করে। পরীক্ষামূলকভাবে একাধিক রাস্তা তৈরির পর এই পদ্ধতি সাফল্য পেয়েছে। বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলাতেও এই পদ্ধতিকে রাস্তা মেরামত করা হবে। 
রাস্তা তৈরিতে লোহার খাঁচার কোনও ব্যবহার করা হয় না। তবে এই সেলগুলি এমন ভাবে তৈরি যা রাস্তার ইট বিছানোর পরে ঢালাই করার আগে পেতে দেওয়া হয়। তারপরে সিমেন্ট-পাথর-বালির মিশ্রণ দিয়ে ঢালাই করা হয়। এমন এক সামগ্রী দিয়ে এই সেলগুলি তৈরি, যার উপর ঢালাই করার পরে সেই রাস্তা বেশি টেকসই হয়।
এই প্রযুক্তির বড় সুবিধে, রাস্তায় ফাটল রোধ। গ্রামে সাধারণত রাস্তা বেহাল হয়ে পড়লে অনেকটা অংশ ফেটে যায়। এই পদ্ধতি ব্যবহার হলে একটি সেল খারাপ হবে। সেক্ষেত্রে সেখানে আবার ঢালাই করে রাস্তা মেরামত করা সহজ  হবে। 
জেলাজুড়ে একাধিক পিচের রাস্তা বেহাল। কিছু রাস্তা মেরামত হবে এই পদ্ধতিতে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৩ কোটি ৫৫ লক্ষ ব্যয়ে হিলি বিডিও অফিস থেকে বৈগ্রাম হয়ে পূর্ব গোবিন্দপুর পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিমি এই সেলফিল পদ্ধতিতে মেরামত হবে। ৯ কোটি ৯১ লক্ষ টাকা ব্যয়ে তপনের মল্লিকপুর থেকে বিকাহার পর্যন্ত ১৫ কিমি রাস্তাও এই পদ্ধতিতে মেরামত হবে। তালিকায় রয়েছে কুমারগঞ্জের বাহিচা থেকে গৌরাঙ্গপুর ১২ কিমি রাস্তা। খরচ ধরা হয়েছে ৮ কোটি ৬ লক্ষ। হরিরামপুরের সৈয়দপুর থেকে ইটাখোর পর্যন্ত ১০ কিমি, বালুরঘাটের মালঞ্চা থেকে মাঝিগ্রাম পর্যন্ত ৭ কিমি, কুশমণ্ডির সাবদলপুর থেকে সরলা পর্যন্ত ৮ কিমি রাস্তাও এই পদ্ধতিতে মেরামত হবে।
সম্পর্কিত সংবাদ